আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেট দুই লাখ কোটি টাকা হচ্ছে না। তবে এক লাখ ৯০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে ৭ জুন। এর মধ্যে ৫৫ হাজার কোটি টাকা থাকছে উন্নয়ন বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য।তবে আগামী বাজেটের জন্য সবচেয়ে আলোচিত বিষয় হলো ভর্তুকি; ভর্তুকির পরিমাণ কমছে বলে জানা গেছে। অন্য বছরের সঙ্গে ধারাবাহিকতা মেনে নিলে আগামীবার ভর্তুকি হওয়ার কথা ৪০ হাজার কোটি টাকা। কিন্তু অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, সেটি হচ্ছে না। বরং ভর্তুকি কমে দাঁড়াবে ৩৪ হাজার কোটি টাকা।আগামী অর্থবছরে ভর্তুকির পরিমাণ কমিয়ে আনার ব্যাপারে বাজেট প্রণয়নের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলেছেন, সম্প্রসারিত ঋণসহায়তা (ইসিএফ) বাবদ যে ১০০ কোটি ডলার শেষ পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে পাওয়া যাচ্ছে, তার অন্যতম শর্তই হলো ভর্তুকি কমানো। সরকার বাধ্য হয়েই সে পথে যাচ্ছে।ইতিমধ্যে প্রথম কিস্তির অর্থ পেয়েছে বাংলাদেশ। কিন্তু শর্ত পূরণ করতে না পারলে অন্য কিস্তিগুলো অনিশ্চিত হয়ে পড়বে। ইসিএফের বাকি টাকা পেতে কষ্ট হবে।সূত্র জানায়, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) দেওয়া ভর্তুকি ১৫ হাজার কোটি টাকায় সীমিত রাখার পরিকল্পনা রয়েছে আগামী বাজেটে। এ ছাড়া ভবিষ্যতে এডিপি বাস্তবায়নে বৈদেশিক সাহায্যের অর্থ ব্যবহারে খুব কড়াকড়ি করা হবে। এডিপিতে বৈদেশিক সাহায্যের ব্যবহার করতে না পারলে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন করা হবে না—এ মর্মে আগামী বাজেট ঘোষণার আগেই একটি পরিপত্র জারি করা হয়েছে।কাঠামো: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এরই মধ্যে হিসাব করে বলেছে, চলতি ২০১১-১২ অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার হবে ৬ দশমিক ৩২ শতাংশ। অন্যদিকে লক্ষ্য অর্জন সহজসাধ্য কি না, সে ব্যাখ্যা না দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, আগামী অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধির হার ধরা হবে ৭ দশমিক ২ শতাংশ। এ ছাড়া বার্ষিক গড় মূল্যস্ফীতি ধরা হবে ৭ দশমিক ৫ শতাংশ।এর আগে মূল্যস্ফীতি ৮ শতাংশ ধরার কথা বলেছিলেন অর্থমন্ত্রী। কিন্তু সম্প্রতি কিছুটা কমে এসেছে বলে এটাকেই ভিত্তি ধরে মুহিত বার্ষিক মূল্যস্ফীতির হার কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। বাজেট ঘাটতি কয়েক বছর ধরে জিডিপির ৫ শতাংশের মধ্যে রাখা রাখা হলেও আগামীবার তা ৫ দশমিক ১ শতাংশ হবে বলে অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। অর্থমন্ত্রী নিজেও অবশ্য সম্প্রসারণ অর্থনীতির পক্ষে যুক্তি দেখিয়ে এ বাজেট ঘাটতি বৃদ্ধির পক্ষে। আগামীবার ঘাটতি বাজেটের পরিমাণ ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে। ঘাটতি বাজেট ও এডিপি—দুটিই প্রতিবছর কাছাকাছি থাকে। অর্থাৎ উন্নয়ন বাজেটের পুরো টাকা কোনো বছরই সরকারের কাছে থাকে না। উল্লেখ্য, চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়কালে ২৫ হাজার ৮২৪ কোটি ৪৯ লাখ টাকার ঘাটতি অর্থায়ন করতে হয়েছে। আর ২০১০-১১ অর্থবছরের একই সময় ঘাটতি অর্থায়নের পরিমাণ ছিল ১৬ হাজার ২৮৮ কোটি ১৭ লাখ টাকা।এতে আরও দেখা যায়, আলোচ্য সময়কালে ঘাটতি অর্থায়নের পরিমাণ চলতি অর্থবছরের অনুমিত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ৮৭ শতাংশ। তবে চলতি অর্থবছরের বাজেটে মোট ঘাটতি জিডিপির ৫ শতাংশ ধার্য করা হয়েছে।প্রাপ্ত পরিসংখ্যানে আরও দেখা যায়, আলোচ্য সময়কালে ঘাটতি অর্থায়নে দেশজ উৎস থেকে পাওয়া গেছে ১৯ হাজার ২৯৮ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে ব্যাংকব্যবস্থা থেকেই গ্রহণ করা হয়েছে ১৭ হাজার ৯০৮ কোটি ৪০ লাখ টাকা।চলতি অর্থবছরের বাজেট ঘাটতি ধরা হয়েছিল ৪৫ হাজার ২০৪ কোটি টাকা। অনুদান বাদে অবশ্য এ ঘাটতির পরিমাণ ৪০ হাজার ২৬৬ কোটি টাকা। এর মধ্যে ১৩ হাজার ৫৮ কোটি টাকার বৈদেশিক ঋণ এবং ২৭ হাজার ২০৮ কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংকব্যবস্থা থেকে ১৮ হাজার ৯৫৭ কোটি টাকা এবং সঞ্চয়পত্র বিক্রি থেকে ছয় হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা থাকলেও সরকার শেষ পর্যন্ত তা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। ভবিষ্যতে ব্যর্থ হতে হবে বলে শঙ্কা বাজেট প্রণয়নের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী অর্থবছরে এক লাখ ১২ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে বলে ঠিক করেছে। চলতি অর্থবছরে তা ছিল ৯২ হাজার কোটি টাকা। উল্লেখ্য, চলতি ২০১১-১২ অর্থবছরের বাজেটের আকার এক লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকা, যার মধ্যে ৪৬ হাজার কোটি টাকা ছিল এডিপি। যদিও পরে এডিপি সংশোধিত হয়ে ৪০ হাজার ৫০০ কোটি টাকা করা হয়। ২০১০-১১ অর্থবছরে এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি, ২০০৯-১০ অর্থবছরে এক লাখ ১৩ হাজার ৮১৯ কোটি, ২০০৮-০৯ অর্থবছরে ৯৯ হাজার ৯৬২ কোটি এবং ২০০৭-০৮ অর্থবছরে বাজেটের আকার ছিল ৮৭ হাজার ১৩৭ কোটি টাকা।