ভর্তুকির মাধ্যমে একাধিকভাবে লাভবান হওয়া সম্ভব: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি রাখার পক্ষে মত দিয়ে অর্থমন্ত্রী বলেছেন, এক খাতের ভর্তুকির মাধ্যমে একাধিকভাবে লাভবান হওয়া সম্ভব।এ সময় জ্বালানি খাতে ভর্তুকি নিয়ে পরিচালিত বাংলাদেশ উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণার সমালোচনা করেন অর্থমন্ত্রী। তাঁর মতে, এসব গবেষণায় ভর্তুকির বহুমুখী সুবিধার দিকটি উঠে আসে না। অথচ জ্বালানি খাতে ভর্তুকির মানে হলো কাজ, উৎপাদন, পণ্য ও সেবার দক্ষতা।রাজধানীর একটি হোটেলে গতকাল ‘জ্বালানি ভর্তুকি সংস্কার: সীমাবদ্ধতা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন অর্থমন্ত্রী। খবর ইউএনবির।বিআইডিএস এবং জেনেভাভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইআইএসডি) যৌথভাবে সেমিনারের আয়োজন করে।বিআইডিএসের মহাপরিচালক মোস্তফা কে মুজেরীর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আইআইএসডির প্রকল্প ব্যবস্থাপক ক্রিস চার্লস।অর্থমন্ত্রী বলেন, জ্বালানি খাতে ভর্তুকি দেওয়ার কারণে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) অনেক বেড়েছে। গত বছর বিদ্যুৎ ও জ্বালানি খাতে জিডিপির ৩ দশমিক ৪ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে।বিশাল অঙ্কের ভর্তুকি দিয়ে চড়া মূল্যে কুইক রেন্টাল থেকে বিদ্যুৎ উৎপাদনের সমালোচনা করেন অনেকেই। এমন মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ‘দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৭ শতাংশ। রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৪১ শতাংশ। কুইক রেন্টাল থেকে বিদ্যুৎ সরবরাহের কারণেই এটা সম্ভব হয়েছে।’জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তকে রাজনৈতিক বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে দেশের মোট চাহিদার ৫০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের রয়েছে।শহর ও গ্রামে জ্বালানিসুবিধা পাওয়ার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের ৫৮ শতাংশ মানুষ বিদ্যুৎ ব্যবহারের আওতায় এসেছে। এর মধ্যে শহর ও গ্রাম দুই ক্ষেত্রেই এ হার ৫০ শতাংশের মতো।’উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী বলেন, যেকোনো গবেষণাই বৃহত্তর দৃষ্টিভঙ্গি থেকে করা প্রয়োজন, যেন তাতে ওই বিষয়ে পুরো প্রভাবটা উঠে আসে।