ভল্টের নিরাপত্তা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ
ব্যাংকের ভল্টের নিরাপত্তার বিষয়টি আরও শক্তিশালী ও যুগোপযোগী করতে দেশের সব ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংক দেশে কার্যরত সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এ নির্দেশনা সংবলিত চিঠি দিয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংকের ভল্টে সংরক্ষিত অর্থের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময় নির্দেশনা দিলেও ব্যাংকগুলো সেগুলো যথাযথভাবে পালন করছে না। সে কারণেই সম্প্রতি ভল্টের নিরাপত্তাবেষ্টনী ধ্বংস করে ভল্টে রক্ষিত অর্থ চুরির ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জ শহরের রথখোলায় সোনালী ব্যাংকের জেলা প্রধান শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকের ভল্টে ঢুকে ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা গতকাল রোববার ব্যাংকে গিয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন। এর পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা জারি করেছে।
বিভিন্ন ব্যাংককে তিন ধরনের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ বাংলাদেশ ব্যাংক। প্রথমত, ব্যাংকের ভল্টকে বিশেষভাবে সুরক্ষিত করার জন্য ইস্পাতবেষ্টনী নির্মাণসহ ভল্টে সিকিউরিটি টেস্টেড দরজা স্থাপন করতে হবে। মেঝে ও ছাদসহ ভল্টের চারপাশের নির্মিত দেয়ালের নিরাপত্তার বিষয়টি পুরপ্রকৌশলীর কাছ থেকে প্রত্যয়িত হতে হবে।
দ্বিতীয়ত, ভল্টের অভ্যন্তরে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ ভল্টে সিকিউরিটি অ্যালার্মের সার্বক্ষণিক ব্যবস্থা রাখতে হবে। ভল্টের নিরাপত্তাব্যবস্থার সঙ্গে ব্যাংকের কেন্দ্রীয় তথ্যব্যবস্থার (সেন্ট্রাল ইনফরমেশন সিস্টেম) নিরবচ্ছিন্ন সংযোগ ব্যবস্থা রাখতে হবে। সব ভল্টের ভেতর স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপক যন্ত্র (অটোমেটেড ফায়ার এক্সটিংগুইশার) স্থাপন করতে হবে।
তৃতীয়ত, ভল্টে রক্ষিত সব অর্থের সম্পূর্ণ বিমা করে রাখতে হবে।