ভাগ্য বদলের ফসল নিয়ে দিশেহারা রায়পুরের কৃষক
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পাঁচটি ইউনিয়নের বিস্তীর্ণ চরাঞ্চলে স্থানীয় কৃষকেরা এবার ‘ভাগ্য বদলের ফসল’ সয়াবিনের চাষ নিয়ে দিশেহারা। সরেজমিনে জানা গেছে, তুলনামূলকভাবে কম পুঁজিতে বেশি লাভ পাওয়ায় এবং কোনো কোনো ব্যাংক ঋণ দেওয়ায় এই অঞ্চলের কৃষকের মধ্যে সয়াবিনের চাষ জনপ্রিয় হয়ে উঠছিল। কিন্তু এবার যেমন ঠিকমতো সয়াবিন বীজের চারা গজায়নি তেমনি হঠাৎ অস্বাভাবিক জোয়ারে জমির ফসলও নষ্ট হয়ে যাওয়ায় কৃষকেরা হতাশ হয়ে পড়েছেন।স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা যায়, রায়পুর উপজেলায় মেঘনা নদীতে জেগে ওঠা চর ইন্দুরিয়া, চর জালিয়া, চর ঘাসিয়া, চর কাছিয়া, চর বংশী ও কানিবগার চরের হাজার হাজার একর জমিতে সাধারণত মধ্য ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সয়াবিনের চাষাবাদ হয়। এসব চরের মাটি দোঁ-আশ জাতীয় হওয়ায় একবার লাঙল চালালেই তা সয়াবিন চাষের উপযোগী হয়ে ওঠে। এর ওপর সয়াবিন খেতে যেমন খুব একটা সার দিতে হয় না তেমনি নিড়ানি দিয়ে আগাছাও পরিষ্কারের দরকার পড়ে না। গাছ বড় হলে দু-একবার কীটনাশক দিতে হয়, এই যা। চারা গজানোর ১২০ দিনের মধ্যেই ফসল ঘরে তোলা যায়। এসব সুবিধার কারণেই মূলত রায়পুরে সয়াবিন চাষ জনপ্রিয় হয়ে ওঠে। যেমন, চর ঘাসিয়ার কৃষক মো. আক্কাছ সরদার জানান, গত বছর ছয় একর জমিতে সয়াবিন চাষে ৩০ হাজার টাকা খরচ করে তিনি এক লাখ ৪০ হাজার টাকা আয় করেছেন।স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, এবার রায়পুরের বিভিন্ন চরাঞ্চলে মোট চার হাজার ৯৭৫ হেক্টর জমিতে সয়াবিন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু এবার কৃষকেরা জমিতে দু-তিনবার সয়াবিনের বীজ লাগালেও তেমন চারা গজায়নি।চর বংশীর আবদুল আজিজ, চর ঘাসিয়ার মফিজ উদ্দিন ও খাসেরহাটের আবদুর রশিদ প্রদানিয়া জানান, তাঁরা প্রথমে নিজের বীজ ও পরে কেনা বীজ বপন করলেও চারা গজায়নি।এদিকে গত ২০ মার্চ হঠাৎ মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ার দেখা দেয় এবং সাত-আট দিন ধরে তা চলে। যে কারণে প্রায় এক হাজার একর জমির সয়াবিন পানিতে তলিয়ে নষ্ট হয়ে যায়। উল্লেখ্য, সয়াবিন চাষকে ঘিরে রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজার, খাসেরহাট ও মোল্লারহাটে গড়ে উঠেছে বড় ধরনের পাইকারি মোকাম। কৃষি কর্মকর্তাদের মতে, দেশে উৎপাদিত সয়াবিনের ৯০ শতাংশই বিপণন হয় এসব মোকাম থেকে। দেশের সয়াবিন তেল ও পোলট্রি খাদ্য প্রস্তুতকারী বড় বড় প্রতিষ্ঠান এখান থেকে সয়াবিন কিনে নেয়। এসব মোকামে বছরে ২৫০ থেকে ৩০০ কোটি টাকার সয়াবিন কেনাবেচা হয় বলে কৃষক, ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তারা জানান।কৃষি অফিস সূত্রে জানা যায়, রায়পুরের চরাঞ্চলে ১৯৮৩ সাল থেকে সয়াবিনের চাষ হচ্ছে। তবে এর বিকাশ ঘটে সর্বশেষ ১০ বছরে।রায়পুর কৃষি অফিসের উপসহকারী কর্মকর্তা আলমগীর বাবুল বলেন, ‘উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পাঁচটি চরে ব্যাপকভাবে সয়াবিনের চাষ হয়। যে কারণে এই এলাকায় সয়াবিন ভাগ্য বদলের ফসল হিসেবে পরিচিতি লাভ করেছে। কিন্তু এবার কৃষকেরা কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না। যে কারণে কৃষকের মতো আমরাও এখন হতাশ।’