ভাড়া গাড়ির মালিকের জন্য নতুন কর হার
ভাড়া গাড়ির ব্যবসায়ীদের মোটরকার বা জিপের সিসিভেদে ১৫ হাজার থেকে ১ লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত বার্ষিক আয়কর দিতে হবে। রেজিস্ট্রেশন বা ফিটনেস নবায়নের তারিখ উত্তীর্ণ হওয়ার আগেই এই আয়কর রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আয়কর) গত বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, ১ হাজার ৫০০ সিসি পর্যন্ত প্রত্যেক মোটর গাড়ি বা জিপের জন্য ১৫ হাজার টাকা আয়কর দিতে হবে। এ ছাড়া ২ হাজার সিসি পর্যন্ত গাড়িতে ৩০ হাজার টাকা, ২ হাজার ৫০০ সিসি পর্যন্ত ৫০ হাজার টাকা, ৩ হাজার সিসি পর্যন্ত ৭৫ হাজার টাকা, ৩ হাজার ৫০০ সিসি পর্যন্ত ১ লাখ টাকা ও তার চেয়ে বেশি সিসির জন্য ১ লাখ ২৫ হাজার টাকা আয়কর দিতে হবে। আর প্রতিটি মাইক্রোবাসের জন্য আয়কর দিতে হবে ২০ হাজার টাকা।
অবশ্য একক বা যৌথ মালিকানায় একাধিক মোটরকার, জিপ বা মাইক্রোবাস থাকলে দ্বিতীয় গাড়ির জন্য নির্দিষ্ট আয়করের চেয়ে ৫০ শতাংশ বেশি অর্থ দিতে হবে। তার মানে কোনো ব্যক্তি ২ হাজার সিসির দুটি গাড়ি ভাড়ায় খাটালে তাকে ৩০ হাজার করে ৬০ হাজার ও অতিরিক্ত ১৫ হাজারসহ মোট ৭৫ হাজার টাকা আয়কর দিতে হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিসিভেদে নির্ধারিত হারে আয়কর না দিলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন প্রদান করবে না। এমনকি ফিটনেস সনদও নবায়ন করা হবে না। অবশ্য এই প্রজ্ঞাপনটি সরকারি বিশ্ববিদ্যালয়, বিদেশি দূতাবাস, জাতিসংঘ ও তাদের অঙ্গসংগঠন এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মালিকানাধীন মোটরকার, জিপ বা মাইক্রোবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।