ভাড়া চার গুণ বৃদ্ধির পরও কনটেইনার জট কমছে না
চট্টগ্রাম বন্দরে খালি কনটেইনার রাখার ভাড়া চার গুণ বাড়ানোর পরও কনটেইনার জট কমছে না।
কনটেইনারে করে পণ্য আমদানি-রপ্তানি বৃদ্ধি পাওয়া এবং বেসরকারি ডিপোতেও খালি কনটেইনার রাখার জায়গা কমে আসায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। এতে বন্দরে পণ্য খালাস ও স্থানান্তর কাজে সময় বেশি লাগছে।
জানা গেছে, আমদানির পর বন্দর ও বেসরকারি ডিপোতে কনটেইনার খুলে পণ্য খালাস নেওয়া হয়। এরপর খালি কনটেইনারে রপ্তানি পণ্য বোঝাই করে জাহাজীকরণ করা হয়। কিন্তু যে হারে কনটেইনারে পণ্য আমদানি হয় রপ্তানি হয় তার চেয়ে কম। সে জন্যই বিপুলসংখ্যক কনটেইনার খালি পড়ে থাকে।
বন্দরের হিসাবমতে, ২০১৪-১৫ অর্থবছরে ৯ লাখ ১৭ হাজার কনটেইনারে (প্রতিটি ২০ ফুট দীর্ঘ হিসেবে) পণ্য আমদানি হয়। আর পণ্য রপ্তানি হয় ৫ লাখ ২২ হাজার কনটেইনার। অর্থাৎ রপ্তানির চেয়ে আমদানি পণ্য নিয়ে আসা কনটেইনারের সংখ্যা ৩ লাখ ৯৫ হাজারটি বেশি। এ ধরনের পরিস্থিতিতে ভারসাম্য রক্ষার জন্য প্রতিবছর বিপুলসংখ্যক খালি কনটেইনার জাহাজে তুলে বিদেশে পাঠানো হয়।
বন্দরের কর্মকর্তারা জানান, স্বাভাবিক ধারণক্ষমতার তুলনায় বন্দরে পণ্যভর্তি ও খালি কনটেইনারের সংখ্যা বাড়তে থাকায় ৭ আগস্ট থেকে কর্তৃপক্ষ কনটেইনার রাখার ভাড়া চার গুণ বাড়িয়ে দেয়। সেই সঙ্গে বেসরকারি ডিপো থেকে খালি কনটেইনার বন্দরে এনে জাহাজে বোঝাই করার কার্যক্রমও এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়। তাতেও পরিস্থিতির উন্নতি হচ্ছে না।
স্বাভাবিকভাবে প্রতিটি কনটেইনার রাখার ভাড়া প্রথম সাত দিনের জন্য দৈনিক ৬ ডলার ও পরবর্তী ১১ দিনের জন্য দৈনিক ১২ ডলার। এরপর প্রতিদিনের জন্য ২৪ মার্কিন ডলার হারে ভাড়া পরিশোধ করতে হয়। এই ভাড়ার ওপরই চার গুণ হারে দণ্ডভাড়া আরোপ করেছে বন্দর কর্তৃপক্ষ। তাতেও কমছে না কনটেইনার জট।
জানতে চাইলে বন্দরের পরিবহন বিভাগের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, খালি কনটেইনারের সংখ্যা বেড়ে যাওয়ার কারণেই দণ্ডভাড়া আরোপ করা হয়েছে।
বন্দরের হিসাব অনুযায়ী, বন্দরে সাড়ে পাঁচ হাজার খালি কনটেইনার রাখার জায়গা আছে। অথচ এই ধারণক্ষমতার বিপরীতে গত শনিবার পর্যন্ত পড়ে ছিল ৭ হাজার ৫১৬ একক কনটেইনার। একই অবস্থা চলছে পণ্যভর্তি কনটেইনারেও। সাড়ে ২২ হাজার একক পণ্যভর্তি কনটেইনার রাখার জায়গায় শনিবার পর্যন্ত পড়ে ছিল প্রায় ২৬ হাজার।