ভাতা প্রদানে স্মার্ট কার্ড চালুর জন্য বাজেট বরাদ্দ দাবি
জাতীয় সামাজিক নিরাপত্তাব্যবস্থায় বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ ব্যয় হলেও এর প্রকৃত প্রভাব প্রত্যাশার চেয়ে অনেক কম। এ অবস্থা নিরসনে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অর্থ ব্যবহারের দক্ষতা ও কার্যকারিতা বাড়াতে হবে।
গতকাল বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে খাদ্য অধিকার বাংলাদেশ আয়োজিত ‘সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির উত্তরণ ও খাদ্য অধিকার’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন খাদ্য অধিকার বাংলাদেশ ও পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী। সেমিনারে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবং বিশেষ অতিথি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবির। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এম এম আকাশ, অক্সফাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্নেহাল সোনেজি প্রমুখ।
এম এম আকাশ বলেন, খাদ্য একটা মৌলিক অধিকার, সুতরাং একটা খাদ্য অধিকার আইন প্রণয়ন করা প্রয়োজন এবং সে অনুযায়ী সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন করা দরকার।
সেমিনারে এলাকাভিত্তিক প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে সঠিকভাবে বাজেট বরাদ্দ করার আহ্বান জানানো হয়। আর উপকারভোগীদের সঠিক ও স্থায়ী তালিকা তৈরি ও ইউনিয়ন পরিষদের ভূমিকা আরও বাড়ানো দরকার। আর ভাতা প্রদানে স্মার্ট কার্ড চালুর জন্য বাজেট বরাদ্দ বাড়ানোর দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি