ভাতাভোগীদের জন্য ১০ টাকায় ব্যাংক হিসাব খুলতে হবে
সরকার গৃহীত বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যেসব সাধারণ মানুষ ভাতা পেয়ে আসছেন ও পাবেন, তাঁদের জন্য দেশের সব সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকে ১০ টাকায় ব্যাংক হিসাব খুলতে হবে।বাংলাদেশ ব্যাংক গতকাল রোববার এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ও স্বামী পরিত্যক্ত দুস্থ নারীদের ভাতা প্রদান কার্যক্রম সহজতর, হয়রানিমুক্ত এবং স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র ও পিপিও (পেনশন পেমেন্ট অর্ডার) নম্বরসংবলিত ভাতা পরিশোধের বিপরীতে ভাতাভোগীরা ১০ টাকা জমাকরণপূর্বক নিজ নিজ নামে ব্যাংক হিসাব খুলতে পারবেন।’কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, এসব ব্যাংক হিসাবে ন্যূনতম স্থিতি রাখার বাধ্যবাধকতা আরোপ এবং কোনো প্রকার চার্জ/ফি আদায় করা যাবে না। যে ক্ষেত্রে চেকবইয়ের অপ্রতুলতা থাকবে, সে ক্ষেত্রে চেকবইয়ের পরিবর্তে ভাউচারের মাধ্যমেও এসব হিসাবে লেনদেন করা যাবে।দেশের সব সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাভোগীদের ভাতা প্রদান ও তাঁদের জন্য ব্যাংকিংসেবা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে।