কয়েক দিনের ব্যবধানে ঢাকায় ইতালির এবং রংপুরে জাপানের নাগরিক হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
ঢাকার ব্যবসায়ীদের এই সংগঠনটি মনে করে, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশের পণ্য রপ্তানিসহ অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। এতে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়।
ঢাকা চেম্বার থেকে গতকাল মঙ্গলবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন উদ্বেগের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিদেশি নাগরিকদের হত্যাকাণ্ডের ঘটনা যাতে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ এবং রপ্তানি বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্য বিদেশি ক্রেতা ও নাগরিকদের বাংলাদেশে অবস্থান ও চলাচলের ব্যাপারে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানায় ডিসিসিআই। সংগঠনটির আশঙ্কা, তা না করতে পারলে তৈরি পোশাকসহ অন্যান্য খাতের অর্ডারগুলো পার্শ্ববর্তী দেশগুলোতে চলে যেতে পারে।
সরকার অতি দ্রুত এ ঘটনা যথাযথভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বলে আশা করে ঢাকা চেম্বার।