ভারত আবারও পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়াল
মাস দেড়েক ধরেই ভারতের বাজারে বাড়ছিল পেঁয়াজের দাম। স্থানীয় বাজারে এই মূল্যবৃদ্ধি ঠেকাতে গত মাসে এক দফা পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়ায় দেশটির সরকার। কিন্তু তাও স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কমাতে পারেনি। ফলে গত সোমবার আরেক দফা রপ্তানিমূল্য বাড়িয়েছে দেশটি।
ভারত সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি টন পেঁয়াজ কোনোভাবেই ৫০০ ডলারের কমে রপ্তানি করা যাবে না। এক দফা রপ্তানিমূল্য বাড়ানোর ১৩ দিনের মাথায় দ্বিতীয় দফায় রপ্তানিমূল্য বাড়ানোর এই ঘোষণা এল।
ভারতের এই সিদ্ধান্তে আরও বিপদে পড়বে বাংলাদেশ। কারণ স্থানীয় চাহিদা মেটাতে ভারতের পেঁয়াজের ওপর বাংলাদেশ অনেকাংশে নির্ভরশীল।
স্থানীয় বাজারে অব্যাহতভাবে পেঁয়াজের দাম বাড়তে থাকায় রপ্তানিতে কিছুটা লাগাম টেনে ধরতে গত ১৭ জুন ভারত পেঁয়াজের রপ্তানিমূল্য ১৫০ ডলার থেকে বাড়িয়ে ৩০০ ডলার নির্ধারণ করে।
ভারত সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৩০ জুন অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় কমিটির সভায় আলোচিত হয় যে পাইকারি ও খুচরা—দুই বাজারেই পেঁয়াজের দাম বাড়ছেই। ন্যূনতম রপ্তানি মূল্য ৩০০ ডলার করার প্রভাবে পেঁয়াজের রপ্তানিও তেমন কমেনি। এরই পরিপ্রেক্ষিতেই ওই কমিটি সর্বসম্মতভাবে পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
এশিয়ার সবচেয়ে বড় পেঁয়াজের বাজার মহারাষ্ট্রের লাসালগাঁওয়ে গত জুন মাসে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৮০ শতাংশ। সেখানে এখন প্রতি কেজি পেঁয়াজের পাইকারি দাম সাড়ে ১৮ টাকা। আর ভারতের রাজধানী নয়াদিল্লিতে খুচরা বাজারে এখন প্রতি কেজি পেঁয়াজ ২৫ থেকে ৩০ রুপি।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, স্বাভাবিক সময়ের তুলনায় কম বৃষ্টিপাত হওয়ায় এ বছর উৎপাদন কম হতে পারে—এমন ধুয়া তুলে কারসাজি করে কৃত্রিমভাবে দেশটিতে পেঁয়াজের দাম বাড়ানো হয়। এর রেশ এখনো চলছে এবং পেঁয়াজের দাম বাড়ছে। যদিও ভারতে এবার উৎপাদন ও সরবরাহ আগের বছরের চেয়ে বেশ ভালো।
চলতি ২০১৩-১৪ শস্য মৌসুমে ভারতে এক কোটি ৯২ লাখ টন পেঁয়াজের উৎপাদন হয়েছে। গত মৌসুমে উৎপাদিত হয়েছিল এক কোটি ৬৮ লাখ টন পেঁয়াজ।
ভারত প্রতিবছর ১৫ লাখ টন পেঁয়াজ রপ্তানি করে থাকে। স্থানীয় বাজারে সরবরাহ-সংকট হতে পারে—এমন আশঙ্কায় দেশটি এবার রপ্তানি নিয়ন্ত্রণে রাখতে চাইছে।
তবে রপ্তানিমূল্য বৃদ্ধির প্রভাবে বাংলাদেশের বাজারেও আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট সরকারি সংস্থার কর্মকর্তা ও আমদানিকারকেরা।
বাণিজ্য মন্ত্রণালয়ের মূল্য তদারক সেলের কাজটি করে থাকে বাংলাদেশ ট্যারিফ কমিশন। কমিশনের একজন কর্মকর্তা গত রাতে প্রথম আলোকে বলেন, কয়েক দিন আগেই ভারত ন্যূনতম রপ্তানিমূল্য বাড়িয়েছে। এর প্রভাব বাজারে পড়তে শুরু করেছে। এখন যেহেতু ভারত আবারও রপ্তানিমূল্য বাড়িয়েছে এর প্রভাবও পেঁয়াজের দামে পড়বে। হয়তো তা হতে আরও কিছু দিন লেগে যাবে।
ঢাকার পেঁয়াজ, রসুন, আদার সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজার। এখানকার বড় আমদানিকারক ও পপুলার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী রতন সাহা প্রথম আলোকে বলেন, ‘নিজেদের চাহিদা পূরণের জন্য ভারত আবারও রপ্তানিমূল্য বাড়িয়েছে। সামনেই যেহেতু আমাদের আরেকটি বড় উৎসব (কোরবানির ঈদ) আছে, তাই সরকারকে এখনই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।’
সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড, বিবিসি, টাইমস অব ইন্ডিয়া।