ভারত কাস্টমস বন্ড দিতে চায়, বাংলাদেশ রাজি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান নৌ প্রটোকলের আওতায় ট্রানশিপমেন্টের জন্য ব্যাংক গ্যারান্টির পরিবর্তে কাস্টমস বন্ড দিতে চায় ভারত। কিন্তু বাংলাদেশ তাতে রাজি হয়নি।তবে ভারতীয় প্রস্তাবটি নিয়ে পরবর্তী সময়ে আরও বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করে বাংলাদেশের পক্ষ থেকে মতামত জানানো হবে। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা এ কথা বলেন। গত ২৫ ও ২৬ এপ্রিল ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দেশের যৌথ কাস্টমস দলের বৈঠক সম্পর্কে এনবিআরের সদস্য (শুল্কনীতি) নাসির উদ্দিন অবহিত করেন। এনবিআরের সম্মেলনকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, কাস্টমস বন্ডে পণ্যের দায়দায়িত্ব কাস্টমস কর্তৃপক্ষের। আর তাই ট্রানশিপমেন্টের আওতায় ভারতীয় পণ্য বাংলাদেশ ভূখণ্ডে (নৌ ও সড়কপথে) প্রবেশের পর থেকে আবার ভারতে প্রবেশ না করা পর্যন্ত দায়দায়িত্ব বাংলাদেশি কাস্টমস কর্তৃপক্ষকে নিতে হবে।অন্যদিকে গত ফেব্রুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠিত নৌ প্রটোকল-সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির বৈঠকে ট্রানশিপমেন্ট পণ্যে ভারত ব্যাংক গ্যারান্টি দিতে রাজি হয়েছিল। কিন্তু নয়াদিল্লিতে অনুষ্ঠিত যৌথ কাস্টমস দলের বৈঠকে কাস্টমস বন্ড দেওয়ার প্রস্তাব উত্থাপন করে ভারত।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পর্যায়ক্রমে সোনামসজিদ, হিলি, বুড়িমারী ও ভোমরা স্থলবন্দরে পণ্য শুল্কায়নের জন্য স্ট্যান্ডার্ড অব প্রসিডিউর (এসওপি) চালু করতে উভয় দেশ একমত হয়েছে। এসওপি চালু হলে উভয় দেশের পণ্যবাহী ট্রাক সীমান্ত পেরিয়ে ২০০ মিটার পর্যন্ত পণ্য নিয়ে যেতে পারবে।বৈঠকে ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর প্রাক্-জাহাজীকরণ প্রথা (পিএসআই) তুলে দেওয়ারও প্রস্তাব করে ভারত। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, সরকার পর্যায়ক্রমে পিএসআই প্রথা বাতিলের পরিকল্পনা করেছে।অন্যদিকে বাংলাদেশের জামদানি শাড়ি রপ্তানিকালে পরীক্ষা-নিরীক্ষার জন্য এখন থেকে তা আর বেনারসে পাঠাতে হবে না। কলকাতা থেকে পরীক্ষা সম্পন্ন করেই শুল্কায়ন করবে ভারত।বেনাপোল ও পেট্রাপোল স্থলবন্দরে সহজে পণ্য আনা-নেওয়ার প্রক্রিয়া সহজ করতে উভয় পক্ষ রাজি হয়েছে বলে এনবিআরের কর্মকর্তারা জানান। কাস্টমস-সংক্রান্ত যেকোনো তথ্য আদান-প্রদানে রাজি হয়েছে ভারত ও বাংলাদেশ। বিশেষ করে, বেনাপোল ও পেট্রাপোলের কাস্টমস কর্মকর্তারা আমদানি- রপ্তানিসংক্রান্ত একে অন্যের তথ্য জানতে পারবেন।বৈঠকে বাংলাদেশ থেকে এমএস পণ্য (লোহাজাতীয় পণ্য) রপ্তানির ক্ষেত্রে ভারতের আরোপিত কাউন্টারভেইলিং শুল্ক ও বিশেষ অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করে বাংলাদেশ; কিন্তু ভারত তাতে রাজি হয়নি।