ভারত-চীনের সঙ্গে পাল্লা দিতে সক্ষম হবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুঁড়ি নয়। বিশ্বের সম্ভাবনাময় অর্থনৈতিক শক্তি ভারত-চীনের সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ পাল্লা দিতে সক্ষম হবে।’সিলেটে এক বাজেটোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। গত শুক্রবার রাতে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দেওয়া এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী মুহম্মদ ফারুক খান, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ ও সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।আবুল মাল আবদুল মুহিত বলেন, পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে সরকার কাজ করে যাচ্ছে। সবার সহযোগিতায় বাংলাদেশ একদিন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে।অর্থমন্ত্রী সিলেটে বিদ্যুৎসহ বিভিন্ন সমস্যার আশু সমাধানের আশ্বাস দেন। ফারুক খান জানান, সরকার দ্রব্যমূল্য কমানোর যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, তা পূরণ করেছে। বিদেশ থেকে বেশি মূল্যে পণ্য ক্রয় করে সাধারণ মানুষের কাছে কম দামে পৌঁছে দিচ্ছে। সরকার ৩৭ টাকা করে গম কিনে ওএমএসের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ২৪ টাকায় বিক্রি করছে।এ কে আজাদ বলেন, ‘দেশে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বারবার হরতাল ডাকা হচ্ছে, যা দেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। দেশের প্রায় তিন কোটি ব্যবসায়ীর দাবি—আমরা হরতাল চাই না। ভবিষ্যতে হরতাল ডাকা হলে দেশের স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে ব্যবসায়ীরা রাস্তায় নামতে বাধ্য হবেন।’সিলেট চেম্বারের সভাপতি ফারুক আহমদ মিসবাহর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি জিয়াউল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সাংসদ হাফিজ আহমদ মজুমদার, শফিকুর রহমান চৌধুরী ও মাহমুদ উস সামাদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান, এফবিসিসিআইয়ের সহসভাপতি মোস্তফা আজাদ, পরিচালক হাসিন আহমদ, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, মৌলভীবাজার চেম্বারের সভাপতি এম এ আহাদ, সুনামগঞ্জ চেম্বারের সভাপতি খায়রুল হুদা, হবিগঞ্জ চেম্বারের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ। বাণিজ্যমন্ত্রীর মতবিনিময়: সিলেটের কয়লা আমদানিকারকেরা স্থানীয় সার্কিট হাউসে গত শুক্রবার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। এতে বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি ও রপ্তানির মধ্য দিয়ে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে। সভায় কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি মো. এমদাদ হোসেন, সাধারণ সম্পাদক চন্দন সাহা, সাবেক সভাপতি দিলওয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফটিক চন্দ্র সাহা, সাবেক সহসভাপতি মো. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।