ভারত ট্রানজিট মাশুল দিতে প্রস্তুত: শর্মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে ট্রানজিট সুবিধা গ্রহণ করার বিনিময়ে ভারত ও ভারতের ব্যবসায়ীরা মাশুল দিতে প্রস্তুত বলে জানিয়েছেন ভারতীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা। উভয় দেশ যখন পারস্পরিক সুযোগ-সুবিধা ব্যবহার করবে, তখন নিয়ম মেনেই মাশুলের বিষয়টি আসবে বলে জানান আনন্দ শর্মা।বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে সফররত ভারতীয় বাণিজ্যমন্ত্রীর বৈঠকের পর গতকাল শনিবার সচিবালয়ে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে আনন্দ শর্মা এসব কথা জানান। বাণিজ্যসচিব গোলাম হোসেনসহ উভয় দেশের শীর্ষপর্যায়ের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। ভারতীয় বাণিজ্যমন্ত্রী আরও জানান, বাংলাদেশের জন্য ৩৫০ কোটি ডলারের ভারতীয় বিনিয়োগ অপেক্ষা করছে। তিনি বলেন, টেলিযোগাযোগ, ওষুধ ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে শিগগিরই এই বিনিয়োগ হবে। ভারতের বেসরকারি খাতের এই বিনিয়োগ বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আনন্দ শর্মা। সংবাদ সম্মেলনে ফারুক খান জানান, বর্তমানে ট্যারিফ রেট কোটার (টিআরকিউ) অধীনে ভারতের বাজারে ৮০ লাখ পিস তৈরি পোশাক খাতের পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়ে থাকে বাংলাদেশ। তা বাড়িয়ে এক কোটি পিস করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। এর ফলে ভারতের বাজারে এক কোটি পিস পোশাক শুল্কমুক্ত বাজারসুবিধা পাবে। আনন্দ শর্মা বলেন, দুই দেশের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত বছরের অক্টোবরে ফারুক খান ভারত সফরে গিয়ে যেসব বিষয়ে কথা বলে এসেছেন, এবারের সফর ও বৈঠক তারই ধারাবাহিকতা। তবে এতে ভারত-বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়বে এবং উভয় দেশই লাভবান হবে বলে মনে করেন তিনি।চট্টগ্রাম বন্দর ও মংলা বন্দরকে ব্যবহার করতে পারলে উভয় দেশই দীর্ঘ মেয়াদে লাভবান হতে পারবে বলে উল্লেখ করেন আনন্দ শর্মা। ভারতীয় বাণিজ্যমন্ত্রী আরও জানান, বাংলাদেশে তিন লাখ টন চাল ও দুই লাখ টন গম রপ্তানির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, অতি শিগগির তা বাস্তবায়ন করা হবে। ভারত নিজেও একটি বড় ধরনের আমদানিকারক দেশ বলে উল্লেখ করেন তিনি। ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে বাংলাদেশের বিনিয়োগ ও পণ্য রপ্তানি বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংবাদ সম্মেলনে ফারুক খান জানান, স্পর্শকাতর তালিকায় থাকা বাংলাদেশি ৬১ পণ্য ভারতের বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাওয়ার ব্যাপারে বিবেচনা করা হবে বলে আশ্বাস পাওয়া গেছে। এর মধ্যে ৪৭ ধরনের পণ্য হচ্ছে বস্ত্র ও তৈরি পোশাক খাতের। বাকি ১৪টি চামড়া ও চামড়াজাত পণ্য। প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে ভারত সফর শেষে দেশে ফিরে ফারুক খান সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আনন্দ শর্মা জানিয়েছেন যে, ৬১টি পণ্যের ভারতে প্রবেশাধিকারের বিষয়টি তাঁদের বিবেচনাধীন রয়েছে।’ ৬১টি পণ্যের শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা পেতে কোনো বাধা আছে কি না, এ প্রশ্নের জবাবে ফারুক খান বলেন, ‘না, কোনো বাধা নেই এতে। কাজটি এগোচ্ছে।’ উল্লেখ্য, ৬১টি পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাওয়া গেলে ট্যারিফ রেট কোটা সুবিধার প্রয়োজন হবে না বলে এর আগে সাংবাদিকদের জানিয়েছিলেন ফারুক খান। ট্রানজিট বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে বিশ্লেষণ চলছে। আলোচনা শেষ না হওয়া পর্যন্ত কিছু বলতে পারব না।’ ফারুক খান বলেন, বিএসটিআইকে উন্নত করার জন্য সহযোগিতা করবে ভারত। ইতিমধ্যে ১৫টি বাংলাদেশি পণ্যে বিএসটিআইয়ের সনদ গ্রহণ করেছে ভারতের অ্যাক্রিডিটেশন বোর্ড। আর কোন কোন পণ্যের ওপর বিএসটিআইয়ের সনদ গ্রহণ করবে, তার একটি তালিকাও পাঠাবে। শিগগির ভারতের একটি কারিগরি দল বিএসটিআই পরিদর্শনে বাংলাদেশে আসবে বলেও জানান ফারুক খান। আর অবকাঠামো তৈরি হওয়ার পর আগামী জুনে সীমান্ত হাট চালু হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। ফারুক খান আরও জানান, ভারতের পক্ষ থেকে বাংলাদেশে তুলা রপ্তানি বিষয়েও আশ্বাস মিলেছে। তবে তারা আগে নিজেদের মোট তুলা উৎপাদনটা হিসাব-নিকাশ করছে। উল্লেখ্য, প্রতিবছর ৫৫ লাখ বেল তুলা বিদেশ থেকে আমদানি করা হয়, যার মধ্যে ভারত থেকে আমদানি হয় ১০ লাখ বেল। কিন্তু ভারত রপ্তানি বন্ধ রেখেছে। রপ্তানি বন্ধ থাকার কারণে গত বছর এক লাখ ৩৭ হাজার ৭৬৫ বেল তুলা ভারত থেকে পাওয়া যায়নি। জানা গেছে, ভারতের কাছে প্রতিবছর ২০ লাখ বেল তুলার কোটা চাওয়া হয়েছে। বৈঠকে ভারতের বাজারে বাংলাদেশি পাটের (হেসিয়ান ও সিবিসি) ক্ষেত্রে বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান ফারুক খান। প্রশ্নোত্তর পর্বে ফারুক খান আরও বলেন, ভারত নতুন করে বাংলাদেশের কাছে কিছু চায়নি।