অবশেষে ভারত সরকার নিজের দেশ থেকে তুলা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার এ-সংক্রান্ত দাপ্তরিক ঘোষণা আসতে পারে। বিষয়টি নিশ্চিত করে দেশটির বাণিজ্য, শিল্প ও বস্ত্রমন্ত্রী আনন্দ শর্মা গতকাল রোববার এক বিবৃতি দিয়েছেন।আনন্দ শর্মা বলেছেন, ‘শিল্পের স্বার্থে ও কৃষকদের স্বার্থে এবং একটি ভারসাম্যমূলক অবস্থা সৃষ্টির লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রীরা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে মত দিয়েছেন। কাল (আজ) সোমবার এ-সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’ খবর ভারতের দ্য হিন্দু বিজনেস লাইনের।প্রসঙ্গত, ৫ মার্চ ভারতের কেন্দ্রীয় সরকার কাঁচা তুলা রপ্তানি নিষিদ্ধ করে। দেশটির বৈদেশিক বাণিজ্যের মহাপরিচালকের দপ্তর (ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড-ডিজিএফটি) এক নির্দেশনায় এই নিষেধাজ্ঞা আরোপের কথা জানায়।এর পরই বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা করে তুলা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়। দেশটির কৃষিমন্ত্রী শারদ পাওয়ার, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বিরাজ চৌহান, গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি প্রমুখ অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান। বাংলাদেশ ও চীন সরকার ভারতের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে।পরে প্রধানমন্ত্রী মনমোহন সিং নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানান। সংশ্লিষ্ট মন্ত্রীরা গত শুক্রবার এ নিয়ে বৈঠকও করেন। এতে কোনো সিদ্ধান্ত না হলেও ৪ মার্চ পর্যন্ত নিবন্ধিত তুলা রপ্তানির অনুমতি দেওয়া হয়।মন্ত্রী আনন্দ শর্মা আরও জানান, তুলা রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে গুজরাটের বিরোধীদলীয় নেতা আহমেদ প্যাটেল, গুজরাট প্রদেশের কংগ্রেস কমিটির সভাপতি অর্জুন মোদাওদিয়া বৈঠক করেন। রপ্তানি নিষেধাজ্ঞার কারণে মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, গুজরাট ও কর্ণাটকে তুলা কেনাবেচায় স্থবিরতা চলে আসে। এতে কৃষকেরা বিপাকে পড়েন। নিষেধাজ্ঞার কারণে এক সপ্তাহের মধ্যেই তুলার দাম আশঙ্কাজনকভাবে কমে গেছে। গত মাসে যেখানে বিভিন্ন মানের তুলা প্রতি কুইন্টাল তিন হাজার থেকে চার হাজার ২০০ রুপিতে বিক্রি হয়েছে, সেখানে এখন তুলার দাম নামতে নামতে এসে ঠেকেছে মাত্র দুই হাজার ৫০০ রুপিতে।ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা উৎপাদনকারী দেশ। অন্যদিকে বাংলাদেশ মোট চাহিদার ৩৫ থেকে ৪০ শতাংশ তুলা আমদানি করে থাকে ভারত থেকে। তুলা রপ্তানি নিষিদ্ধ করায় বাংলাদেশের বস্ত্র ও সুতা কারখানার শিল্পমালিকেরা একাধারে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন।