ভারত থেকে চাল রপ্তানির ওপর আবার নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাল রপ্তানির ওপর আবার নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। এবার ভারতে প্রচুর পরিমাণ চাল উৎপাদিত হওয়ায় কেন্দ্রীয় সরকার ১০ লাখ টন চাল রপ্তানির সিদ্ধান্ত নেয়। কিন্তু এ সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ার আগেই ভারত সরকারের বৈদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালকের দপ্তর (ডিজিএফটি) এ নিষেধাজ্ঞা জারি করে।জানা গেছে, গত ১১ জুলাই ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় চাল রপ্তানির সিদ্ধান্ত নেওয়ার পর ডিজিএফটি চাল রপ্তানিকারকদের কাছ থেকে অনলাইনে ১৭ জুলাইয়ের মধ্যে দরখাস্ত আহ্বান করে। সে অনুযায়ী আবেদনকারীদের মধ্য থেকে ৮২ জনকে চাল রপ্তানির অনুমতি দেওয়া হয়। রপ্তানিকারকদের তালিকায় স্থান না হওয়ায় অসন্তুষ্ট হয়ে চাল রপ্তানিকারক প্রতিষ্ঠান কান্নু আদিত্য ইন্ডিয়া লিমিটেড দিল্লি হাইকোর্টে রপ্তানির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়ে একটি মামলা করে। তালিকা সঠিকভাবে করা হয়নি বলে হাইকোর্ট রপ্তানির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন। একই সঙ্গে ১০ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। হাইকোর্টের এই নির্দেশের পর ডিজিএফটি ২৭ জুলাই এক নির্দেশে চাল রপ্তানির ওপর আবার নিষেধাজ্ঞা জারি করে। অল ইন্ডিয়া রাইস এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রেম গর্গ বলেছেন, হাইকোর্ট ১০ আগস্ট পরবর্তী শুনানি গ্রহণ করবেন। তার পরই সিদ্ধান্ত দেবেন চাল রপ্তানির। অন্যদিকে অল ইন্ডিয়া এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় সেথিয়া বলেছেন, ‘ভারতে প্রকৃতপক্ষে ২০০ চাল রপ্তানিকারক থাকলেও অনলাইনে আবেদন করেছে সাত হাজার কোম্পানি। এটা মেনে নেওয়া যায় না। আমরা চাই প্রকৃত রপ্তানিকারকেরা যেন চাল রপ্তানি করার সুযোগ পান।’জানা গেছে, ২০০৮ সালে ভারত সরকার বাসমতী নয়—এমন সব ধরনের চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু গত ১১ জুলাই সেই নিষেধাজ্ঞা শিথিল করে ১০ লাখ টন চাল রপ্তানির অনুমতি দেওয়া হয়।