ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির মেয়াদ ছয় মাস বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সচিবালয়ে গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠক সূত্রে জানা গেছে, ছয় মাসের জন্য এই বিদ্যুৎ আমদানিতে সরকারের ব্যয় হবে ৬৪৮ কোটি ৭৫ লাখ টাকা। ভারত ও বাংলাদেশের মধ্যে ২০১০ সালের ১১ জানুয়ারি বিদ্যুৎ খাত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। এর আওতায় ২০১৩ সালের ৫ অক্টোবর থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আমদানি করা হচ্ছে।
জানা গেছে, ভারতের খোলা বাজার থেকে পাওয়ার ট্রেডিং কোম্পানির (পিটিসি) মাধ্যমে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। এ বিষয়ে চুক্তির মেয়াদ গত ৩১ জুলাই শেষ হয়েছে। আর এ দফায় শুধু ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে। ক্রয় কমিটিতে উপস্থাপনের আগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এতে অনুমোদন দেয়।
এদিকে খুলনায় ২০০ থেকে ৩০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাবও অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। যৌথভাবে এ কাজ পেয়েছে চীনা কোম্পানি কনসোর্টিয়াম অব হার্বিং ইলেকট্রিক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং জাপানি কোম্পানি জিয়ানশু ইটার্ন কোম্পানি লিমিটেড। এতে ২ হাজার ৩৭০ কোটি টাকা ব্যয় হবে।
এ ছাড়া গাইবান্ধায় বেক্সিমকো পাওয়ার লিমিটেড ও টিবিইএ জিনজিয়াং সানওয়েসিস কোম্পানি লিমিটেডের মাধ্যমে নির্মাণ, মালিকানা ও পরিচালনা ভিত্তিতে (বিওও) ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। প্রতি কিলোওয়াট/ঘণ্টা ১২ টাকা দরে ২০ বছর মেয়াদে এই বিদ্যুৎকেন্দ্র সরকারের কাছে বিদ্যুৎ সরবরাহ করবে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৫ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ স্থাপনের প্রস্তাবেও অনুমোদন দিয়েছে কমিটি। জাপানের ইকি সোজি কোম্পানি লিমিটেড এবং সান সোলার পাওয়ার প্ল্যান্ট লিমিটেড থেকে ১১ টাকা ১২ পয়সা দরে প্রতি কিলোওয়াট/ঘণ্টা হিসাবে বিদ্যুৎ ক্রয় করা হবে।
মোস্তাফিজুর রহমান জানান, ক্রয় কমিটির বৈঠকে বিদ্যুৎ বিভাগের আওতাধীন ২১টিসহ মোট ২৭টি প্রস্তাব অনুমোদিত হয়েছে। বেশির ভাগ প্রস্তাবই বিদ্যুৎকেন্দ্রের খুঁটি কেনা সম্পর্কিত।
এ ছাড়া বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতায় ৪০টি ড্রেজারসহ সহায়ক যন্ত্রপাতি সরঞ্জামাদি কেনার দুটি, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনাল ভবনের সামনে কার্গো অ্যাপ্রোন নির্মাণের একটি, বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পের বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পের পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়।
একই ক্রয় কমিটির বৈঠকে বিদ্যুৎ বিভাগের এতগুলো প্রস্তাব উপস্থাপিত হলো কেন—জানতে চাইলে মোস্তাফিজুর রহমান বলেন, আগে একটি বৈঠক না হওয়ার কারণে এমনটি হয়েছে।