ভারত থেকে মুরগির বাচ্চা আমদানি বন্ধ রাখার চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে এক দিনের মুরগির বাচ্চা আমদানি নিষিদ্ধ করতে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। গত ২৮ জানুয়ারি এক চিঠি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে এ অনুরোধ জানানো হয়।এতে বলা হয়েছে, এভিয়েন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত দেশ থেকে এক দিনের মুরগির বাচ্চা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা দরকার। বাণিজ্য মন্ত্রণালয় যাতে সেই ব্যবস্থা নেয়। ভারতের পশ্চিমবঙ্গে বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশের জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার ফকিরপাড়ায় বার্ড ফ্লু দেখা দিয়েছে। পোলট্রি শিল্প রক্ষা করার জন্য তাই সব ধরনের এক দিনের মুরগির বাচ্চা আমদানি নিষিদ্ধ করা জরুরি।মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়কে বার্ড ফ্লু আক্রান্ত দেশ থেকে ডিমও আমদানি না করার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছিল। এতে বলা হয়েছিল, ইনফ্লুয়েঞ্জা-মুক্ত নয় এমন দেশ থেকে ব্যবসায়ীরা ডিম আমদানি করছেন বলে তাদের কাছে অভিযোগ রয়েছে। এর আগেই বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে গত বছরের আগস্টের মাঝামাঝি ডিম আমদানি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমদানিকারকেরা অনুমতি নিয়ে ডিম আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুলতে পারবেন। তবে শর্ত হলো, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ডফ্লু-মুক্ত দেশ থেকে ডিম আমদানি করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে একটি গেজেটও প্রকাশ করেছে।বলা হয়েছে, সরকারের অনুমতি নিয়ে বিশ্বের যেকোনো দেশ থেকে হাঁস, মুরগি ও পাখির ডিম আমদানি করা যাবে। তবে যে দেশ থেকে আমদানি করা হবে, ডিমের প্রতিটি চালানের সঙ্গে সে দেশের পশুসম্পদ বিভাগ বা সরকারের নির্ধারিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র থাকতে হবে।ওই প্রত্যয়নপত্রে বলা থাকতে হবে যে আমদানি চালানের ডিমে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস অথবা কোনো ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া নেই।যোগাযোগ করা হলে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চিঠিটি এসেছে গত মঙ্গলবার। এ ব্যাপারে শিগগিরই আলাপ-আলোচনার মাধ্যমে করণীয় নির্ধারণ করব।’