১ হাজার ১০০টি বাস ও ট্রাক কিনছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এর মধ্যে ৬০০ বাস এবং ৫০০টি ট্রাক। ভারতীয় দ্বিতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) অর্থ দিয়ে এসব বাস ও ট্রাক কেনা হবে।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ-সংক্রান্ত দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ দুটি প্রকল্পে মোট ব্যয় হবে প্রায় আট শ কোটি টাকা। প্রকল্প দুটি হলো ৫৮১ কোটি টাকার বিআরটিসির জন্য দ্বিতল, একতলা এসি ও নন-এসি বাস সংগ্রহ এবং ২১৭ কোটি টাকার বিআরটিসির জন্য ট্রাক সংগ্রহ।
শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, বাস-ট্রাক কেনার প্রকল্প দুটির সিংহভাগ অর্থ ভারতের ২০০ কোটি ডলারের এলওসি থেকে জোগান দেওয়া হবে।
রাজধানীর যানজট কমাতে এবং সারা দেশের সঙ্গে যোগাযোগ যাত্রীবান্ধব করতেই ৬০০টি বাস কেনা হচ্ছে। এর মধ্যে ৩০০টি ডাবল ডেকার বাস, ১০০টি সিঙ্গেল ডেকার এসি সিটি বাস, ১০০টি সিঙ্গেল ডেকার এসি আন্তনগর বাস এবং ১০০টি সিঙ্গেল ডেকার নন-এসি বাস রয়েছে।
২০১৮ সালের জুন মাসের মধ্যে এসব বাস কেনা হবে। এ প্রকল্পে ভারতীয় ঋণ থেকে পাওয়া যাবে ৪৩৪ কোটি টাকা। আর সরকার দেবে বাকি ১৪৬ কোটি ৫৫ লাখ টাকা।
অপর প্রকল্পের মাধ্যমে ৫০০টি পণ্যবাহী ট্রাক কেনা হবে। এসব ট্রাকও ২০১৮ সালের জুন মাসের মধ্যে দেশে পৌঁছাবে। ১৫ টন মালামাল ধারণক্ষমতাসম্পন্ন সাড়ে তিন শ ট্রাক এবং ১০ টন মালামাল ধারণক্ষমতার দেড় শ ট্রাক কিনবে বিআরটিসি। বর্তমানে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিআরটিসির ট্রাক দিয়ে পণ্য পরিবহন করে থাকে। ২১৭ কোটি টাকার এ প্রকল্পে এলওসি থেকে পাওয়া যাবে ১৫৮ কোটি টাকা। বাকি অর্থ সরকার দেবে।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ভারতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় বিআরটিসির জন্য বাস-ট্রাক কেনা হচ্ছে। তাই ভারতীয় প্রতিষ্ঠানই এসব বাস-ট্রাক সরবরাহ করবে। তিনি আরও বলেন, বাংলাদেশের সড়কসহ অন্যান্য অবকাঠামোর সঙ্গে ভারতের অবকাঠামোর সামঞ্জস্য আছে। তাই ভারতের তৈরি বাস-ট্রাক এ দেশের সড়কে চলাচলের বেশি উপযোগী। অতীতে চীন থেকে আনা বাসগুলো এখন মুড়ির টিন হয়ে গেছে।
এ ছাড়া ভারতীয় ঋণে ৭১৬ কোটি টাকা এবং ৭১৭ কোটি টাকার জামালপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং জামালপুর নার্সিং কলেজ স্থাপন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে ২১৬ কোটি টাকা ভারতীয় ঋণ থেকে মেটানো হবে। এ প্রকল্পের আওতায় ২০১৯ সালের জুন মাসের মধ্যে জামালপুর জেলা সদরে একটি মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশাপাশি নার্সিং কলেজ স্থাপন করা হবে। ভারতীয় ঋণের টাকায় এ কলেজ ও হাসপাতালের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আসবাব আনা হবে।
এদিকে গতকালের একনেকে এ তিনটি প্রকল্পসহ মোট ২ হাজার ৮০৫ কোটি টাকার পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন হয়। এর মধ্যে দেশজ উৎস থেকে দেওয়া হবে ১ হাজার ৯৩২ কোটি টাকা। আর বিদেশি সহায়তা হিসেবে পাওয়া যাবে ৮৭৩ কোটি টাকা।
একনেকে অনুমোদিত অন্য দুটি প্রকল্প হলো ১ হাজার ১৬৩ কোটি টাকার চট্টগ্রাম জেলার মিরসরাই বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা), বন্যানিয়ন্ত্রণ, সড়ক ও বেড়িবাঁধ প্রতিরক্ষা ও নিষ্কাশন এবং ১২৭ কোটি টাকার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং তদন্ত সহায়ক যন্ত্রপাতি ক্রয় প্রকল্প।