ভারত দীর্ঘ মেয়াদে সহজ শর্তে চাল রপ্তানিতে সম্মত: খাদ্যমন্ত্রী
সহজ শর্তে দীর্ঘ মেয়াদে বাংলাদেশে খাদ্যশস্য রপ্তানিতে সম্মত হয়েছে ভারত। গতকাল শনিবার সফররত ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশে পাঁচ লাখ টন খাদ্যশস্য রপ্তানিতে আর কোনো ধরনের বাধা নেই। ভারতের বাণিজ্যমন্ত্রী তাঁকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, এর আগে ভারত সরকার তিন লাখ টন চাল ও দুই লাখ গম রপ্তানিতে সম্মত হয়। কিন্তু পরিবহনকাজে নিয়োজিত কিছু ব্যবসায়ী আদালতে মামলা করায় জটিলতা দেখা দেয়। সম্প্রতি ভারতের উচ্চ আদালতে বিষয়টি মীমাংসা হওয়ায় এখন যেকোনো সময় ভারত থেকে খাদ্য আমদানি করা সম্ভব হবে।খাদ্যমন্ত্রী বলেন, স্থানীয় বাজারে চালের দাম বেড়ে যাওয়ায় সরকার আমদানির সিদ্ধান্ত নেয়। দীর্ঘ মেয়াদে চাল আমদানির জন্য ইতিমধ্যে ভিয়েতনামের সঙ্গে একটি চুক্তি করা হয়েছে। অচিরেই থাইল্যান্ডের সঙ্গে আরেকটি চুক্তি করা হবে।আব্দুর রাজ্জাক বলেন, সামনে বোরো ধান উঠছে, তাই এখনই ভারত থেকে চাল আমদানি করা হচ্ছে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের দামে নয়, বর্তমান আন্তর্জাতিক বাজার অনুযায়ী চালের দর নির্ধারণ করা হবে।