ভারত নতুন কোনো শুল্ক আরোপ করেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ২০১৩-১৪ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিতে নতুন কোনো সিভিডি (কাউন্টারভেইলিং ডিউটি বা ভর্তুকিবিরুদ্ধ শুল্ক) আরোপ করা হয়নি। বরং ২০১২-১৩ অর্থবছরেই তৈরি পোশাক আমদানিতে ১২ দশমিক ৩৬ শতাংশ হারে যে সিভিডি ছিল, সেটিই অব্যাহত রাখা হয়েছে।ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে গত সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই স্পষ্টীকরণ ব্যাখ্যা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বিদ্যমান এই সিভিডি আবগারি শুল্কের বদলে আরোপকৃত, যা সব ভারতীয় প্রস্তুতকারককে প্রদান করতে হয়। আর আমদানির ক্ষেত্রে এই সিভিডি বৈষম্যহীন, যা সুনির্দিষ্ট কোনো দেশের জন্য প্রযোজ্য নয়।প্রসঙ্গত, গত সপ্তাহে বাংলাদেশ ও ভারতের একাধিক পত্র-পত্রিকায় বাংলাদেশ থেকে পোশাক আমদানিতে ভারত ১২ দশমিক ৩৬ শতাংশ হারে সিভিডি এবং সিভিডির ওপর ৩ শতাংশ হারে সেস (শিক্ষাবিষয়ক বিশেষ শুল্ক) আরোপ করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়। মূলত ভারতীয় পত্রিকা হিন্দুস্তান টাইমস ও ইকোনমিক টাইমস-এর একাধিক প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের পত্র-পত্রিকায় খবরটি পরিবেশিত হয়।অবশ্য এ খবরে পোশাকশিল্পের মালিকেরা বিভ্রান্ত হয়ে পড়ায় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক সংক্ষিপ্ত ব্যাখ্যায় তাৎক্ষণিকভাবে জানায় যে ভারত নতুন বা বাড়তি কোনো শুল্ক আরোপ করেনি।ভারতীয় হাইকমিশনের ব্যাখ্যায় আরও বলা হয়েছে, ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে ভারতীয় ব্র্যান্ডেড তৈরি পোশাকের ওপর থেকেও আবগারি শুল্ক প্রত্যাহার করা হয়নি; বরং ভারতীয় পোশাক প্রস্তুতকারকদের ‘স্বেচ্ছায়’ বা ‘বাধ্যতামূলকভাবে’ আবগারি শুল্ক নির্ধারণের জন্য বলা হয়েছে, যা ২০০৪ থেকে এবং ২০১১-১২ অর্থবছরের বাজেটের আগ পর্যন্ত ছিল।ভারতীয় হাইকমিশন বলেছে, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে গত বছরের মতো এবারও ভারতে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা বহাল আছে। এ ক্ষেত্রে গত বছরের বাড়তি কোনো সিভিডি নেই।তা ছাড়া, ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ভারত বাংলাদেশের ৪৬ ধরনের বস্ত্র ও পোশাকপণ্যকে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার প্রদান করেছে। ২০১১ সালের ৯ নভেম্বর থেকে তামাক ও মাদক বাদে সব পণ্যে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সব স্বল্পোন্নত দেশকে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার প্রদান করেছে। এর মাধ্যমে ভারতে বাংলাদেশি রপ্তানিকে ‘জাতীয় মর্যাদা’র সুবিধা প্রদান করা হয়েছে বলে ভারতীয় কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সঙ্গে আলোচনার জন্য আজ বুধবার বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর বাণিজ্য মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি দেবে। ভারতকে চিঠিও পাঠানো হতে পারে বলে জানা গেছে।বাণিজ্য মন্ত্রণালয়ের অন্য একজন শীর্ষ কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, ভারত তার নিজের স্বার্থে একটি সিদ্ধান্ত নিয়েছে, যা তারা নিতেই পারে। এতে ভারতীয় ব্যবসায়ীরা লাভবান হবেন, তা-ও ঠিক আছে। কিন্তু বাংলাদেশের দিকটাও তো দেখতে হবে। বিশ্লেষণ করে ওই কর্মকর্তা আরও বলেন, ভারতীয় ব্যবসায়ীদের জন্য যে পরিমাণ আবগারি শুল্ক ছিল, তার বিপরীতে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ছিল সমান পরিমাণ সিভিডি। নতুন বাজেটে আবগারি শুল্ক প্রত্যাহার করা হলেও সিভিডি কিন্তু রয়েই গেল। তার মানে, নতুন করে কিছু আরোপ করা না হলেও বংলাদেশি রপ্তানিকারকদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে।প্রায় একই ধরনের কথা বলেন তৈরি পোশাকের রপ্তানিকারকেরা। তাঁদের মতে, সদ্য ঘোষিত ভারতীয় বাজেটের আগ পর্যন্ত সে দেশের স্থানীয় উৎপাদকেরা যে আবগারি শুল্ক দিতেন, তার সমান পরিমাণ সিভিডি দিতে হতো বাংলাদেশি রপ্তানিকারকদের। আবগারি শুল্ক প্রত্যাহার করায় বাংলাদেশি রপ্তানিকারকেরা ভারতে পণ্য রপ্তানিতে অসম প্রতিযোগিতার সম্মুখীন হবেন।যোগাযোগ করলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ভারতীয় বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে, তাদের দিক থেকে যুক্তি ঠিকই আছে। তবে আজ বুধবার আমরা একটি বৈঠক ডেকেছি। এখান থেকে একটি সিদ্ধান্ত উঠে আসবে বলে আমরা আশা করছি।’