ভারত-পাকিস্তান বাণিজ্য বাড়াতে নেতিবাচক তালিকা হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য পরিচালনায় পাকিস্তান খুব দ্রুত নেতিবাচক তালিকা প্রকাশ করতে পারে। এর মানে হলো, দুই দেশের মধ্যে কোন কোন পণ্য আমদানি-রপ্তানি করা যাবে না, শুধু তার একটি তালিকা থাকবে।তাঁর পাকিস্তান সফরকালে এই ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন খোদ ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা। আজ সোমবার থেকে তাঁর তিন দিনের পাকিস্তান সফর শুরু হচ্ছে। তিনি এই সফরকালে ১৫০ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।এ উপলক্ষে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনন্দ শর্মা বলেন, ‘গত বছর নভেম্বরে যখন পাকিস্তানের বাণিজ্যসচিব ভারত সফরে এসেছিলেন, তখনই এ বিষয়ে আভাস দিয়ে গিয়েছিলেন।’শর্মা আরও বলেন, পাকিস্তানের দিক থেকে আগ্রহ-ইচ্ছা যেভাবে প্রকাশ করা হয়েছে, তাতে ভারত এখন এটা বিশ্বাস করতেই পারে যে এ বিষয়ে সত্যিকারের অগ্রগতি হবে। আর তা হলে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও গভীর হবে।ভারতের বাণিজ্যসচিব রাহুল খুল্লার জানান, বর্তমানে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ইতিবাচক তালিকার ভিত্তিতে সম্পন্ন হয়। অর্থাৎ শুধু কোন কোন পণ্য দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি করা যাবে, সেটার একটি তালিকা রয়েছে।রাহুল খুল্লার বলেন, ‘আমরা এখন পর্যায়ক্রমে বাণিজ্যবাধা অপসারণের দিকে অগ্রসর হচ্ছি। নেতিবাচক তালিকা হবে প্রথম পর্যায়। আর নেতিবাচক তালিকা অপসারণ করা হবে দ্বিতীয় পর্যায়।’বর্তমানে ইতিবাচক পণ্য তালিকায় এক হাজার ৯৩৩টি পণ্য রয়েছে। এগুলোকেই ভারত থেকে আমদানিযোগ্য বিবেচনা করত পাকিস্তান।আনন্দ শর্মার পাকিস্তান সফর হবে প্রথমবারের মতো কোনো ভারতীয় বাণিজ্যমন্ত্রীর দ্বিপক্ষীয় ভিত্তিতে পাকিস্তান সফর। এই সফরকালে শর্মা লাহোর, করাচি ও ইসলামাবাদ যাবেন। তিনি পাকিস্তানি বাণিজ্যমন্ত্রী মোকাদ্দেম আমিন ফাহিমের সঙ্গে বৈঠক করবেন। সৌজন্য সাক্ষাৎ করবেন পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে।বর্তমানে (২০১০-১১) ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ২৭০ কোটি ডলার। এর মধ্যে ভারত পাকিস্তানে ২৩৪ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। বিপরীতে পাকিস্তান থেকে আমদানি করেছে প্রায় ৩৬ কোটি ডলারের পণ্যসামগ্রী। অর্থাৎ বাণিজ্য ভারসাম্য ভারতের অনুকূলে রয়েছে।তবে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিসিআই) মনে করে, ২০১৫ সালের মধ্যেই দ্বিপক্ষীয় বাণিজ্য এক হাজার কোটি ডলারে উন্নীত করা সম্ভব। এ জন্য সিসিআই দুই দেশের মধ্যকার অনুষ্ঠেয় বাণিজ্য-প্রক্রিয়া আরও সহজ করা এবং বিভিন্ন ধরনের শুল্ক ও অশুল্ক প্রতিবন্ধকতা কমিয়ে আনার সুপারিশ করেছে।বৈঠকে উভয় দেশের ব্যবসায়ীদের যাতায়াতের জন্য ভিসা-প্রক্রিয়া সহজ করার বিষয়টিও বিশেষভাবে আলোচিত হবে। এ ছাড়া পাকিস্তানের দিক থেকে অশুল্ক বাধা অপসারণের দাবি রয়েছে জোরালোভাবে।ভারত সরকার অবশ্য অশুল্ক বাধা অপসারণে কাস্টমস কো-অপারেশন বা শুল্ক সহযোহিতাবিষয়ক চুক্তিটি প্রস্তুত হয়েছে বলে জানিয়েছে। এটি দ্রুত স্বাক্ষর করা হবে।এর পাশাপাশি পণ্যের গুণগত মানের জন্য পারস্পরিক স্বীকৃতি (মিউচুয়াল রিকগনিশন) সনদ নিয়ে একটি চুক্তির খসড়াও তৈরি হয়েছে।এ ছাড়া বিরোধ নিষ্পত্তি-প্রক্রিয়া নিয়ে চুক্তির যে খসড়া পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তার বিভিন্ন দিক নিয়ে ভারতের বেশ কিছু আপত্তি আছে। তাই এটি নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে বেশ সময় লাগবে।উল্লেখ্য, গত বছরের মাঝামাঝি সময় থেকেই দুই দেশের মধ্যকার বাণিজ্য বাড়ানোর বিষয়টি বেশ জোরেশোরে আলোচনায় আসে। একপর্যায়ে পাকিস্তান ভারতকে বাণিজ্যে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) অন্যতম স্তম্ভ এমএফএন (মোস্ট ফেভারড নেশন) বা সমঅধিকার মর্যাদা প্রদানের ঘোষণা দেয়। সূত্র: বিজনেস লাইন ও দি এক্সপ্রেস ট্রিবিউন।