ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করতে পারে
ভারতে ব্যাপকভাবে বেড়ে গেছে পেঁয়াজের দাম। গত তিন সপ্তাহ ধরে বাড়ছে এই পেঁয়াজের দাম। এখন খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ রুপিতে। পেঁয়াজের এই মূল্যবৃদ্ধি রোধ এবং অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করার ঘোষণা দিতে পারে।
ভারতের কেন্দ্রীয় সরকারের খাদ্য মন্ত্রকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রোববার নয়াদিল্লিতে এই ইঙ্গিত দিয়েছেন সাংবাদিকদের। তিনি বলেছেন, অভ্যন্তরীণ বাজারের পেঁয়াজের সরবরাহ বাড়িয়ে দাম কমানোর চেষ্টা করছে ভারত সরকার। এই লক্ষ্যে পেঁয়াজের রপ্তানি একেবারে বন্ধ বা সীমিত করার কথা ভাবছে এখন ভারত সরকার। ভারত সরকার বাংলাদেশ, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে বেশি পেঁয়াজ রপ্তানি করে থাকে। এখন কলকাতার বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করছে ৪০ রুপি। আর কলকাতার পাইকারি কোলে মার্কেটে রোববার প্রতি ৪০ কেজির পেঁয়াজের বস্তা বিক্রি হয়েছে ৯৫০ রুপিতে।
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল-জুন এই তিন মাসে ভারত সরকার পেঁয়াজ রপ্তানি করেছে পাঁচ লাখ ১১ হাজার ৬১৬ মেট্রিক টন। আয় হয়েছে ৭৭৬ কোটি ৪৭ লাখ রুপি।