ভারত পেঁয়াজের রপ্তানিমূল্য কমাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় বাজারে অব্যাহতভাবে দাম বাড়তে থাকায় পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানিমূল্য বাড়িয়ে দিয়েছিল ভারত। তবে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এখন রপ্তানিমূল্য কমিয়ে দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।
ভারত থেকে এখন এক টন পেঁয়াজ আমদানি করা যাবে ৩০০ মার্কিন ডলারে; যা বাংলাদেশের প্রায় ২৪ হাজার টাকার সমান। এত দিন আমদানি করতে খরচ হতো ৫০০ ডলার বা ৪০ হাজার টাকা।
ভারতের মন্ত্রিপরিষদ গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়। গতকাল শনিবার থেকেই তা কার্যকর হয়েছে। খবর রয়টার্সের।
ভারতে বছরে এক কোটি ৫০ লাখ টন পেঁয়াজের চাহিদা রয়েছে। নিজস্ব চাহিদা মিটিয়ে দেশটি প্রতিবছর ১৫ লাখ টন পেঁয়াজ রপ্তানি করে। এর একটি বড় অংশই আসে বাংলাদেশে।
বাংলাদেশ ট্যারিফ কমিশনের হিসাব অনুযায়ী দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় ২১ লাখ টন। এ বছর দেশে প্রায় সাড়ে ১৩ লাখ টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। তাই বাকি সাড়ে সাত লাখ টনের চাহিদা মেটাতে ভরসা ভারতীয় পেঁয়াজ।