ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে খুলনায় তাপবিদ্যুৎকেন্দ্র হচ্ছে
বাংলাদেশের খুলনায় এক হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে আগামী ছয় মাসের মধ্যে এই কেন্দ্রের নির্মাণকাজ শুরু হবে।জানা গেছে, বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) এই প্রকল্প বাস্তবায়ন করবে। এনটিপিসির উচ্চপদস্থ কর্মকর্তা অরূপ রায় চৌধুরী সম্প্রতি দিল্লিতে জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশের খুলনায় এই তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু করা হবে। কয়লাচালিত এই বিদ্যুৎকেন্দ্রে উভয় পক্ষে মালিকানা হবে সমান সমান। তবে প্রকল্পটিতে জ্বালানি হিসেবে কয়লার জোগান দেবে বাংলাদেশ। প্রয়োজনে বাংলাদেশ কয়লা আমদানি করতে পারবে।অরূপ রায় চৌধুরী আরও জানান, এই বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের প্রশিক্ষণ প্রদান ও উৎপাদন বাড়ানোসংক্রান্ত যাবতীয় কাজের দায়িত্বে থাকবে এনটিপিসি। নির্মাণকাজ শুরুর চার বছরের মধ্যে এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।প্রসঙ্গত, গত বছর দুই দেশের সরকারি পর্যায়ে সম্পাদিত চুক্তির আলোকেই খুলনায় নির্মিত হচ্ছে এই তাপবিদ্যুৎকেন্দ্র।