এফবিসিসিআই ও সার্ক চেম্বারের সভাপতি আনিসুল হক বলেছেন, বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ভারতের ভিসাব্যবস্থা আরও সহজ করা না হলে ভারতের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি রয়েছে তা আরও বেড়ে যেতে পারে।আনিসুল হক বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যে বাংলাদেশি পণ্যের যে বাজার রয়েছে তা আরও বড় হতে পারে। কিন্তু দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগব্যবস্থা সহজ নয় বলে এই বাজারের প্রসার ঘটছে না।২০তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফিরে ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়ার ব্যবসায়ীদের দেওয়া এক সংবর্ধনায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং সার্ক শিল্প ও বণিক সমিতির সভাপতি আনিসুল হক এ কথা বলেন।গতকাল রোববার বিকেলে এফবিসিসিআইয়ের সভাপতির নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল ত্রিপুরা থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফেরে। ব্রাহ্মণবাড়িয়া শিল্প ও বণিক সমিতি এবং আখাউড়ার আমদানিকারক ও রপ্তানিকারক ব্যবসায়ীরা যৌথভাবে এফবিসিসিআই প্রতিনিধিদলকে সংবর্ধনা দেন।আখাউড়া স্থলবন্দরে আয়োজন করা হয় এ সংবর্ধনা অনুষ্ঠানের। এতে বক্তব্য দেন ভারত-বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সভাপতি মাতলুব আহমাদ, এফবিসিসিআইয়ের পরিচালক আনোয়ার হোসাইন ও মাহবুবু ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া শিল্প ও বণিক সমিতির সদস্য হোসেন আহমেদ ভুঁইয়া, আখাউড়া আমদানি ও রপ্তানিকারক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মো. আরজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া শিল্প ও বণিক সমিতির সদস্য মো. ইলিয়াছ খান।সংবর্ধনা অনুষ্ঠানে আখাউড়ার আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা বলেন, আখাউড়া স্থলবন্দর ৯৯ ভাগ রপ্তানিমুখী। যেখান দিয়ে প্রতি বছর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে প্রায় ২০০ কোটি টাকার পণ্য রপ্তানি হয়। অথচ বন্দরের রাস্তাসহ সার্বিক অবকাঠামো অনুপযোগী রয়ে গেছে। এর ওপর এখানে কোনো ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখা না থাকায় ব্যবসায়ীদের আর্থিক কার্যক্রমে নানা সমস্যায় পড়তে হয়।আখাউড়ার আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা আরও বলেন, দুই দেশের ব্যবসায়ীরা আগে সীমান্তের শূন্য রেখায় (জিরো পয়েন্ট) গিয়ে আলোচনা করতে পারতেন, এখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাধার কারণে তা হচ্ছে না। অন্যদিকে ব্যবসায়ীরা ভারতের ভিসা পেতেও হয়রানির শিকার হচ্ছেন।এদিকে সংবর্ধনা অনুষ্ঠানের পর প্রথম আলোর সঙ্গে আলাপকালে এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে এক বৈঠকে ভিসাব্যবস্থা আরও সহজ করার কথা জানানো হয়েছে। একই সঙ্গে আগরতলার মুখ্যমন্ত্রী আখাউড়া সীমান্ত দিয়ে ত্রিপুরাগামী রপ্তানিমুখী পণ্য বোঝাই ট্রাকের প্রবেশের সময় এক ঘণ্টা বাড়িয়েছেন।এর ফলে এখন সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত বাংলাদেশি ট্রাক ত্রিপুরা সীমান্তে ঢুকতে পারবে। যা এতদিন ছিল দুইটা পর্যন্ত।আখাউড়া স্থলবন্দরে রাস্তা ও ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখাসহ অন্যান্য যেসব সমস্যা রয়েছে তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান এফবিসিসিআই সভাপতি।এফবিসিসিআইয়ের প্রতিনিধিদল সূত্রে জানা গেছে, আগরতলার শিশু উদ্যানে অনুষ্ঠানরত ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলায় বাংলাদেশের ১২টি স্টল রয়েছে। গত শনিবার বিকেলে এই মেলার উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।