ভারত যাচ্ছে ব্যান্ডউইট্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারতের পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে গত সোমবার থেকে ব্যান্ডউইট্থ রপ্তানি শুরু হয়েছে। দেশটির কেন্দ্রীয় সরকারের সঙ্গে গত বছরের জুনে হওয়া চুক্তি অনুযায়ী বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এ রপ্তানি শুরু করেছে।
বিএসসিসিএল সূত্রে জানা গেছে, উভয় দেশের মধ্যে ফাইবার অপটিকের মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্থাপিত হওয়ার পর ১ ফেব্রুয়ারি ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) পরীক্ষামূলকভাবে ২০০ এমবিপিএস ব্যান্ডউইট্থ নেয়, যা পরের কয়েক দিনে বেড়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে দেওয়া হয় ১০ জিবিপিএস। বাংলাদেশ থেকে ত্রিপুরা হয়ে পূর্বাঞ্চলীয় ‘সেভেন সিস্টার্স’খ্যাত সাত রাজ্যের জন্য এ ব্যান্ডউইট্থ নিচ্ছে ভারত।
বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর বিএসএনএল জানিয়েছে তারা ঠিকঠাক গতিতে ব্যান্ডউইট্থ পাচ্ছে। কয়েক বছর ধরে দেশের অব্যবহৃত ব্যান্ডউইট্থ রপ্তানির চেষ্টা চলছিল, এর মাধ্যমে যা একটি আনুষ্ঠানিক রূপ পেল। তিনি জানান, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ব্যান্ডইউট্থ রপ্তানি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
বিএসসিসিএলের এমডি আরও জানান, পর্যায়ক্রমে ব্যান্ডউইট্থের এ রপ্তানি ৪০ জিবিপিএস (গিগাবিট প্রতি সেকেন্ড) পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে বিএসসিসিএলের কাছে ২০০ জিবিপিএস ব্যান্ডউইট্থ রয়েছে, এর মধ্যে ব্যবহৃত হচ্ছে ৭৩ জিবিপিএস।
গত বছরের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় ব্যান্ডউইট্থ রপ্তানির বিষয়ে উভয় দেশের মধ্যে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী মেগাবাইট প্রতি ব্যান্ডউট্থের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ ডলার। ব্যান্ডউইট্থ রপ্তানি থেকে বিএসসিসিএলের বছরে সাড়ে নয় কোটি টাকা আয়ের সুযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।