ভারত হয়ে বাংলাদেশ-নেপাল মূল বাণিজ্যপথটি সমস্যাসংকুল
বাংলাদেশ ও নেপালের মধ্যে মূল বাণিজ্য হয় যে বাণিজ্যপথ (ট্রেড করিডর) ব্যবহার করে, তাতে চারটি স্থলবন্দর যুক্ত। এর মধ্যে তিনটি স্থলবন্দর নানা ধরনের সমস্যাযুক্ত। তিন দেশের সাপ্তাহিক ছুটির দিনের ভিন্নতায় সপ্তাহে কার্যত চার দিন পুরোপুরি ব্যবহার করতে পারেন ব্যবসায়ীরা। অথচ এই বাণিজ্যপথ হতে পারে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্পৃক্ততার অন্যতম কার্যকর পথ।
বাংলাদেশ থেকে নেপালে পণ্য রপ্তানি করতে এই বাণিজ্যপথের শুরুটা ধরা হয় বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দরকে। তার ওপারেই ভারতের ফুলবাড়ী। সেখান থেকে ৫৪ কিলোমিটার পথ গিয়ে শেষ হয়েছে ভারতের পানিটানকি স্থলবন্দরে, যার ঠিক ওপারে নেপালের কাঁকরভিটা। তুলনামূলকভাবে ফুলবাড়ী স্থলবন্দরের অবকাঠামো ও সুযোগ-সুবিধা ভালো রয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা পানিটানকির। নেপালের কাঁকরভিটা ও বাংলাদেশের বাংলাবান্ধার অবস্থা সুবিধাজনক নয়।
আবার ট্রানজিট-ব্যবস্থার কোনো সুযোগ না থাকায় নেপাল ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি পুরোপুরি ভারতীয় ট্রানশিপমেন্টের ওপর নির্ভরশীল। ফলে সময় ও ব্যয় অনেক বেড়ে যাচ্ছে।
ভারতের জয়পুরভিত্তিক গবেষণা সংস্থা কাটস ইন্টারন্যাশনালের ‘ট্রেড কনসাইনমেন্ট ম্যাপিং ফর বেটার রিজিওনাল কানেকটিভিটি ইন সাউথ এশিয়া’ শীর্ষক প্রকল্পের আওতায় সরেজমিনে এই বাণিজ্যপথের পরিস্থিতি পর্যালোচনা করে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে, তাতে এ চিত্র উঠে এসেছে। গতকাল রাজধানীতে গবেষণাপ্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয়ের কার্যালয়ে এক আলোচনা সভায় প্রতিবেদনটি তুলে ধরা হয়।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এ কে এনামুল হকের সভাপতিত্বে এতে মূল প্রতিবেদন তুলে ধরেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক মাহফুজ কবীর। প্রকল্প সম্পর্কে ধারণা দেন কাটসের নীতি গবেষক পৃথ্বিরাজ নাথ।
মূল প্রতিবেদনে বলা হয়, আলোচ্য বাণিজ্যপথে ফুলবাড়ী বাদে বাকি তিনটি স্থলবন্দরে কোনো বৈদেশিক মুদ্রা লেনদেনের ব্যবস্থা নেই, নেই পণ্যবাহী ট্রাক রাখা ও পণ্য সংরক্ষণের পর্যাপ্ত গুদাম। শুল্ক কর্মকর্তারা নিয়মিত অফিস করেন না। কেননা, স্থলবন্দরগুলোয় থাকা-খাওয়ার কোনো সুযোগ নেই বললেই চলে। পানিটানকি ও কাঁকরভিটার মধ্যে সংযোগ সেতুটি অত্যন্ত সংকীর্ণ। পথও সরু।
প্রতিবেদনে ট্রানশিপমেন্টের অর্থাৎ নেপালি ট্রাক থেকে ভারতীয় ট্রাকে পণ্য স্থানান্তর ও ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে পণ্য স্থানান্তরের সময় ও ব্যয় কমানোর জন্য তিন দেশের মধ্যে মোটরযান চুক্তির (মোটর ভেহিক্যাল অ্যাগ্রিমেন্ট) সুপারিশ করা হয়।
প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের উপদেষ্টা মনজুর আহমেদ বলেন, মোটরযান চুক্তি থাকলে এক দেশের ট্রাক দ্বিতীয় দেশের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে প্রবেশ করতে পারে। এটি হলো ট্রানজিটের অন্যতম মৌলিক শর্ত। ভারত ১৯৮৬ সালে বাংলাদেশকে এই চুক্তির প্রস্তাব দিয়েছিল। কিন্তু আড়াই যুগ পরেও বাংলাদেশ এটি করেনি। ফলে ট্রানশিপমেন্টের ওপরই নির্ভর করতে হচ্ছে।
মনজুর আরও বলেন, প্রতিটি দেশের সরকারই স্থলবন্দরগুলোয় বিনিয়োগ করবে, তা থেকে কীভাবে কতটা অর্থ কোন সময়ের মধ্যে উঠে আসবে তার ভিত্তিতে। এটাই অর্থনৈতিক যুক্তি। যদি এই বাণিজ্যপথ যথেষ্ট পরিমাণে বাণিজ্য বাড়াতে ও রাজস্ব দিতে না পারে, তাহলে কোনো সরকারই বিনিয়োগে আগ্রহী হবে না। সুতরাং এই বাণিজ্যপথকে অর্থবহ করতে অবকাঠামো উন্নয়নের বিষয়টি খুব সহজ হবে না।
সম্মানিত অতিথির বক্তব্যে সাবেক বাণিজ্যসচিব সোহেল আহমেদ চৌধুরী বলেন, তাঁর সময়ই ২০০৪ সালে বাংলাবান্ধা স্থলবন্দর চালু করা হয়। কিন্তু যে প্রত্যাশা নিয়ে এটি চালু হয়েছিল, তা পূরণ হয়নি। কেননা, অপর প্রান্তে ফুলবাড়ী স্থলবন্দরে প্রয়োজনীয় সব সুবিধা
চালু করা হয়নি। তিনি স্থলবন্দরের পাশাপাশি এই সীমান্ত পথে মানুষ যাতায়াতের জন্য দুই দেশের মধ্যে অভিবাসনপ্রক্রিয়া চালুর পরামর্শ দেন।
আলোচনায় আরও অংশ নেন স্থলবন্দর কর্তৃপক্ষের সচিব হাবিবুর রহমান, ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির হোসেন আহমেদ মজুমদার প্রমুখ।