ভারত ২০ লাখ টন গম রপ্তানি করবে
ভারতের কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থার মাধ্যমে ২০ লাখ মেট্রিক টন গম রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে।এবার ভারতে প্রচুর পরিমাণ গম উৎপাদিত হওয়ায় এবং তা সংরক্ষণের মতো ব্যবস্থা না থাকায় রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সংরক্ষণের অভাবে গম নষ্ট না হয়। প্রতি টনের রপ্তানিমূল্য ধরা হয়েছে ১২ হাজার রুপি। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতিবিষয়ক কমিটির এক বৈঠকে সম্প্রতি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ওই বৈঠকে দেশে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীদের মধ্যে অতিরিক্ত ৫০ লাখ টন গম বিতরণ এবং খোলা বাজারে ৩০ লাখ টন বিক্রির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। গম রপ্তানিতে যাতে কোনো রকম অনিয়ম না হয়, সেদিকে লক্ষ্য রাখার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে বাণিজ্যসচিবকে। এই কমিটিই দরপত্র প্রক্রিয়া পরিচালনাসহ গম রপ্তানির যাবতীয় ব্যবস্থা নেবে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, উৎপাদন বেশি হওয়ায় কেন্দ্রীয় শস্যভান্ডারে গম রাখার জায়গা নেই। তাই এবার দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীদের মধ্যে অতিরিক্ত ৫০ লাখ টন গম বিতরণ করা হবে। প্রসঙ্গত, ভারতের ১০টি রাজ্যেই অধিকাংশ গম উৎপাদিত হয়। রাজ্যগুলো হলো: উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গ। এর মধ্যে মোট উৎপাদনের ৩৩.০২ শতাংশই হয় উত্তর প্রদেশে। আর পশ্চিমবঙ্গে হয় মোট উৎপাদনের মাত্র ১.০৬ শতাংশ। ভারতে এ বছর গম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় নয় কোটি ১০ লাখ টন।