ভারতকে আলোচনার আহ্বান
বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান বাণিজ্য সমস্যা দূর করতে দেশটির প্রতি আনুষ্ঠানিক আলোচনার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
ভারতের অন্ধ্র প্রদেশে দুই দিনব্যাপী অনুষ্ঠিত ‘অংশীদারি সম্মেলন’-এর উদ্বোধনী দিনে গত শুক্রবার তোফায়েল আহমেদ এ আহ্বান জানান। সম্মেলন শেষ হয় গতকাল শনিবার। ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এবং ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
বাণিজ্য মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ভারতে ১৯৯৫ সাল থেকে অংশীদারি সম্মেলন হয়ে আসছে। ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। পরে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী নির্মলা সিতারমনের সঙ্গে একান্ত বৈঠক করেন তোফায়েল আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুল্ক ও অশুল্ক বাধা যাতে ভারতে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলতে না পারে, সে জন্য দেশটির সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশি পাটপণ্য রপ্তানিতে ভারতের অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপ প্রত্যাহারও প্রয়োজন বলে তিনি বক্তব্য দেন।
তবে বাণিজ্য সমস্যা দূর করতে বাণিজ্যমন্ত্রীর আনুষ্ঠানিক আলোচনার আহ্বানে ভারত কোনো সাড়া দিয়েছে কি দেয়নি, বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি।
২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ ৬৮ কোটি ৯৬ লাখ মার্কিন ডলারের পণ্য ভারতে রপ্তানি করেছে এবং একই সময়ে দেশটি থেকে ৫৬৯ কোটি ৫৭ লাখ ডলারের পণ্য আমদানি করেছে বলে তথ্য উপস্থাপন করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বাণিজ্য বাধার কারণে বাংলাদেশ ভারতে আশানুরূপ রপ্তানি করতে পারছে না।
মুক্তিযুদ্ধে সৈন্য, অর্থ, খাদ্য ও আশ্রয় দিয়ে সহযোগিতা করায় বাংলাদেশের মানুষ ভারতের কাছে কৃতজ্ঞ বলেও মন্তব্য করেন তোফায়েল আহমেদ। বিজ্ঞপ্তি