ভারতকে ট্রানজিট দেওয়ার প্রক্রিয়া আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার দাবি করেছেন ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, পর্যাপ্ত অবকাঠামো না থাকায় এখনই পূর্ণাঙ্গ ট্রানজিট না দিয়ে ট্রানশিপমেন্ট দেওয়া উচিত। এতে বাংলাদেশ তুলনামূলক বেশি আর্থিক লাভবান হবে।আজ রোববার ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসি,বি) ও দ্য ডেইলি স্টার যৌথভাবে আয়োজিত ‘ভারতকে ট্রানজিট অথবা ট্রানশিপমেন্ট?’ শীর্ষক সংলাপে বক্তারা এসব দাবি করেন। রাজধানীর রূপসী বাংলা হোটেলে এই সংলাপ অনুষ্ঠিত হয়।বক্তারা আরও বলেন, ট্রানজিট বা ট্রানশিপমেন্ট দেওয়া হলে ভারত ও বাংলাদেশের সমান লাভবান হওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। আবার মাশুল আরোপে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কৌশলগুলোর বাইরে দ্বিপক্ষীয় ভিত্তিতে বাড়তি অর্থ আদায়ের সুপারিশও করেছেন অনেকে।সংলাপে সঞ্চালকের দায়িত্ব পালন করেন আইসিসিবির সভাপতি মাহাবুবুর রহমান। সংলাপে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, হাফিজউদ্দিন খান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, অবকাঠামো ও পরিবহন বিশেষজ্ঞ রহমতউল্লাহ, নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, ট্যারিফ কমিশন চেয়ারম্যান মুজিবুর রহমান, সার্ক চেম্বার সভাপতি আনিসুল হক প্রমুখ।