ভারতকে নৌপথে পূর্ণাঙ্গ ট্রানজিট দেওয়ার চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে পূর্ণাঙ্গ ট্রানজিট-সুবিধা চালু করার বিষয়টি আপাতত ধামাচাপা পড়েছে। তার বদলে বাংলাদেশ সরকার এখন নৌপথে ভারতকে ট্রানজিট দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে চাইছে।এরই অংশ হিসেবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান নৌ-প্রটোকলের পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু নৌপথে নয়, বহুমাত্রিক ব্যবস্থার পাশাপাশি বাংলাদেশের দুটি সমুদ্রবন্দর ব্যবহারের সুযোগ দেওয়ারও চিন্তাভাবনা চলছে। এ জন্য ট্রানজিটের বিষয়টি এখন নৌ-মন্ত্রণালয়ের আওতায় চলে গেছে।নৌ-প্রটোকলের পরিবর্তন, সংশোধন, সংযোজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আগামী ২ ও ৩ জুলাই ঢাকায় দুই দেশের নৌসচিব পর্যায়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে এ-সংক্রান্ত মতামত জানতে চেয়েছে নৌ মন্ত্রণালয়। সাধারণত নৌ-প্রটোকল নবায়ন করতে নৌসচিব পর্যায়ের বৈঠক হয়। কিন্তু এবার প্রটোকলটি নবায়নের পর এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে নৌ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, নৌসচিব পর্যায়ের বৈঠকে শুধু প্রটোকলের পরিবর্তন কিংবা সংশোধন নিয়ে আলোচনা হয় না। এখানে যেকোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে পারে। বন্দর ব্যবহারের বিষয়টিও বৈঠকে আসতে পারে বলে তিনি জানান। মোহাম্মদ আলাউদ্দিন আরও জানান, বৈঠকে কী কী এজেন্ডা উত্থাপন করা যেতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে। মতামতগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে এজেন্ডা চূড়ান্ত করা হবে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ভারতকে ট্রানজিট দিতে চট্টগ্রাম ও মংলা মন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার চিন্তাভাবনা চলছে। নৌ-প্রটোকলের আওতায় এই দুটি বন্দর ব্যবহারের সুযোগ আছে কি না, সেটা নিয়ে নৌসচিব পর্যায়ের বৈঠকে আলোচনা করা হবে। সাধারণত কোনো দেশের ভূখণ্ড ও বন্দর ব্যবহার করে ট্রানজিট পেতে হলে তৃতীয় কোনো দেশ থেকে পণ্য আনতে হবে। অর্থাৎ তৃতীয় কোনো দেশ থেকে পণ্য এনে বাংলাদেশের বন্দর ও ভূখণ্ড ব্যবহার করে ভারত তার নিজস্ব ভূখণ্ডে নিয়ে যেতে পারবে। ভূবেষ্টিত দেশ হিসেবে নেপাল ও ভুটান ট্রানজিটের এই সুযোগ পাচ্ছে। কিন্তু বাংলাদেশ ও ভারতের মধ্যকার নৌ-প্রটোকলের আওতায় সমুদ্রবন্দর ব্যবহারের সুযোগ নেই। কেননা, নৌ-প্রটোকলে শুধু নৌপথেই ভারতের একাংশ থেকে আরেকাংশে পণ্য আনা-নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে নৌ-প্রটোকলটি আন্তদেশ পরিবহন চুক্তিতে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য নৌ মন্ত্রণালয়কে বিষয়টি দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে, নৌ-প্রটোকলটি দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য চুক্তির আওতা থেকে বের করে এনে গত বছর সম্পাদিত রূপরেখা চুক্তির আওতায় আনার চিন্তাভাবনা করা হচ্ছে। আর এই চুক্তিটির নতুন নাম হবে আন্তদেশ পরিবহন চুক্তি। এতে নৌ, সড়ক, রেলপথ ও সমুদ্রবন্দর ব্যবহারের সুযোগ রাখা হতে পারে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এর মধ্য দিয়ে কার্যত ভারতকে ট্রানজিট-সুবিধা দেওয়ার বিষয়টিই নিশ্চিত করা হবে। জানা গেছে, প্রধানমন্ত্রীর দুজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা এ বিষয়ে নির্দেশনা দিচ্ছেন। তাঁদেরই নির্দেশনায় ট্রানজিট-সংক্রান্ত বিষয়গুলো বাণিজ্য মন্ত্রণালয়ের এখতিয়ার থেকে সরিয়ে এনে নৌ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আগামী নৌসচিব পর্যায়ের বৈঠকে কলকাতা থেকে আশুগঞ্জ পর্যন্ত নৌপথে, আর আগরতলা পর্যন্ত বাকিটা সড়কপথে পরীক্ষামূলক পণ্য চালানের বিষয়টি পর্যালোচনা করা হবে। এ ছাড়া নৌপথগুলোর সমস্যা, ধারা সংশোধন, মাশুল, রুট বাড়ানো, শুল্কায়নপদ্ধতি সহজ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। অন্যদিকে যেকোনো ট্রানজিট পণ্যে মাশুল আরোপের পক্ষে আবারও মতামত দিয়েছে এনবিআর। এনবিআর বলেছে, মাশুল আরোপের সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত অন্তত ব্যাংক গ্যারান্টি রাখা উচিত।ফাইলবন্দী ট্রানজিট প্রতিবেদনএক দফা সংশোধনের পর গত বছরের সেপ্টেম্বর মাসে ট্রানজিট প্রতিবেদনটি জমা দেয় ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বাধীন কোর কমিটি। কিন্তু এখন পর্যন্ত সরকার তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন বা গ্রহণ করেনি। প্রতিবেদনটি নিয়ে অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টাসহ সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকেরা কয়েক দফা বৈঠক করেছেন।এদিকে প্রতিবেদনটি প্রকাশের দাবি করে আসছেন ব্যবসায়ী, অর্থনীতিবিদসহ বিভিন্ন মহল। যোগাযোগ করা হলে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এখন সেটা গ্রহণ করে কার্যকর করার বিষয়টি সরকারের। কেন সরকার বিলম্বিত করছে, সেটা বাণিজ্য মন্ত্রণালয় বলতে পারবে।’মজিবুর রহমান আরও বলেন, ‘প্রতিবেদন তৈরির দায়িত্ব ছিল ট্যারিফ কমিশনের নেতৃত্বাধীন কোর কমিটির। কমিটি তার কার্যপরিধি অনুসারে কাজ করে প্রতিবেদন দিয়েছে।’ তিনি আরও জানান, এখন ট্রানজিট-সংক্রান্ত সব বিষয় নৌ মন্ত্রণালয় দেখছে।