ভারতকে বাণিজ্য-সুবিধা দিতে যাচ্ছে পাকিস্তান

দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারতকে সর্বোচ্চ অনুকূল জাতির (মোস্ট ফেভারড নেশন বা এমএফএন) মর্যাদা দেওয়া হবে কি না তা নিয়ে পাকিস্তানের মন্ত্রিসভা আগামী শুক্রবার বিশেষ বৈঠক করতে যাচ্ছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।
অবশ্য তিন বছর ধরে পাকিস্তান ভারতকে এমএফএন দেবে বললেও এখন পর্যন্ত এটি পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তবে এই সময়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
পাকিস্তানের বাণিজ্য ও বস্ত্রমন্ত্রী খুররম দাস্তগীর খান এখন এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি চান, যেন দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক স্বাভাবিক হয়ে আসে। মূলত তাঁর আগ্রহ ও প্রয়াসেই এই বৈঠক হতে যাচ্ছে।
বর্তমানে ভারত থেকে পণ্য আমদানিতে পাকিস্তান এক হাজার ২০৯টি পণ্যের একটি নেতিবাচক তালিকা করে রেখেছে। অর্থাৎ এই পণ্যগুলো ভারত রপ্তানি করতে পারে না। এসব পণ্যের মধ্যে রয়েছে কৃষিপণ্য, বস্ত্র ও মোটরগাড়ির যন্ত্রাংশ।
যদি এই নেতিবাচক পণ্য তালিকা প্রত্যাহার করে নেওয়া হয়, তাহলে কার্যত তা হবে এমএফএন মর্যাদা প্রদান। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) অন্যতম মূল নীতি হলো এমএফএন, যা বলতে বোঝায়, কোনো সদস্য দেশ অপর সদস্য দেশগুলোকে সমান বাণিজ্য-সুবিধা দেবে। কারও সঙ্গে বৈষম্য করা যাবে না। পাকিস্তান ভারতকে এমএফএন দেয়নি। তাই দক্ষিণ এশীয় মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় পাকিস্তান অন্য দেশগুলোকে সমভাবে যে বাণিজ্য-সুবিধা দিয়েছে, ভারতকে তা দেয়নি।
একই বৈঠক ওয়াঘাহ-আত্তারি সীমান্ত পথ দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি করার অনুমোদন দেওয়া হতে পারে। বর্তমানে দুই দেশের মধ্যে যত পণ্যের বাণিজ্য হয়, তার মাত্র ১৩৭টি এই স্থলপথে সম্পন্ন হয়।
পাকিস্তানের সাবেক বাণিজ্যমন্ত্রী মাখুদম আমিন ফাহিম ও সাবেক বাণিজ্যসচিব জাফর মাহমুদ এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন। ২০১১ সালে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় এই দুজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
২০১১ সাল পর্যন্ত ভারতের সঙ্গে বাণিজ্যে পাকিস্তান একটি ইতিবাচক ও একটি নেতিবাচক পণ্য তালিকা অনুসরণ করবে। ইতিবাচক তালিকায় থাকা এক হাজার ৯৪৬টি পণ্যই শুধু ভারত পাকিস্তানে রপ্তানি করতে পারত। এরপর ২০১২ সালে পাকিস্তান ইতিবাচক পণ্যের তালিকা প্রত্যাহার করে নেয়। একই সঙ্গে নেতিবাচক তালিকাও ছোট করা হয়। ফলে ভারত পাকিস্তানে আট হাজারের বেশি পণ্য রপ্তানির সুযোগ পায়।