ভারতকে ২৩ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে বাংলাদেশ
ভারতকে ২৩টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ। বর্তমানে ভারতের যে ২২৫টি পণ্য বাংলাদেশের কাছে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত সেগুলো থেকেই এই ২৩টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হবে।
সচিবালয়ে গতকাল সোমবার ভারতের সফররত বাণিজ্যসচিব রাজীব খেরের সঙ্গে সৌজন্য বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ তথ্য জানান। এ সময় বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ-ভারত বাণিজ্যসচিব পর্যায়ে গত রোববার অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
অপরদিকে বাংলাদেশ থেকে বর্তমানে মদ ও অস্ত্র ছাড়া সব পণ্যই শুল্কমুক্ত সুবিধায় ভারতে রপ্তানির সুযোগ রয়েছে।
তোফায়েল আহমেদ বলেন, দেশীয় পণ্যকে সুরক্ষা দিতে ভারতের চাওয়া অনুযায়ী সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়নি। তবে মুক্তবাজার অর্থনীতির যুগে ভবিষ্যতে আস্তে আস্তে কোনো স্পর্শকাতর পণ্যের ওপরই শুল্ক থাকবে না।
যে ২৩ পণ্যের ওপর শুল্কমুক্ত সুবিধা দেওয়া হচ্ছে সেগুলো কী জাতীয়, তা অবশ্য তুলে ধরেননি বাণিজ্যমন্ত্রী।
ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এলে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নবায়ন করা হবে উল্লেখ করে তোফায়েল জানান, ‘এটি হলে বাংলাদেশের ট্রাক সরাসরি নেপাল-ভুটানেও যেতে পারবে। আগে যেখানে ২১ দিন লাগত, এখন লাগবে ৬ দিন।’
তোফায়েল আহমেদ মনে করেন, অতীতের যেকোনো সরকারের চেয়ে ভারতের বর্তমান সরকার অনেক বেশি সহযোগিতামূলক। সবকিছু এত সহজে হয়ে যাবে এমনটা ভাবেননি জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মনে হচ্ছে, ভারতের সঙ্গে নতুন দিগন্তের সূচনা হয়েছে।’
মন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশ সম্পাদিত সীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য ভারতের রাজ্যসভা ও লোকসভা সর্বসম্মতিক্রমে বিল পাস করেছে। বাংলাদেশের যারা একসময় এটাকে গোলামি চুক্তি বলে প্রচারণা চালিয়েছিল, তারাই আজ ভারত সরকারকে অভিনন্দন জানিয়েছে। এতে প্রমাণিত হয় সে সময়ের মুজিব-ইন্দিরা চুক্তি ঠিক ছিল।
বাংলাদেশ-ভারত আরও সীমান্ত হাট চালু করবে বলেও জানান তোফায়েল। বর্তমানে উভয় দেশের মধ্যে তিনটি সীমান্ত হাট চালু রয়েছে।
ভারতের বাণিজ্যসচিব মনে করেন, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বাণিজ্যিক সুবিধা অর্জন এবং দক্ষিণ এশিয়ায় কমন মার্কেট চালু করা দরকার।
তোফায়েল আহমেদ নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং সিটি করপোরেশন নির্বাচন নিয়েও কথা বলেন। তিনি জানান, দেশে সয়াবিন তেল, ডাল ও চিনিসহ সব পণ্যেরই যথেষ্ট মজুত আছে। আসন্ন রমজানে কোনো সমস্যা হবে না এবং দামও বাড়বে না। তিনি আরও বলেন, রমজানের সময় মন্ত্রীরা বাজার পরিদর্শনে গেলে পণ্যমূল্য বেড়ে যায়। তাই তিনি ওই সময় বাজার পরিদর্শনে যাওয়ার বিপক্ষে।
গত মাসে অনুষ্ঠিত ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) পর্যবেক্ষণ সম্পর্কে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, টিআইবিসহ কিছু প্রতিষ্ঠান সব সময় খুঁত খুঁজে বেড়ায়। সরকারের ভালো কোনো কাজ কিংবা দেশের উন্নয়ন তাদের চোখে পড়ে না।
সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু না হলে জামায়াতের পাঁচজন কীভাবে কাউন্সিলর হলেন, পাল্টা প্রশ্ন রাখেন তোফায়েল। তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচন বয়কট করা বিএনপির পূর্ব-সিদ্ধান্ত ছিল। কবে ও কখন নির্বাচন বয়কট করা হবে এ নিয়ে মাঠপর্যায়ের কর্মী ও নেতাদের মধ্যে কথা হয়েছিল আগেই।
এ ছাড়া বাণিজ্যমন্ত্রী বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) প্রশংসা করে বলেন, তারা বাস্তবসম্মত কথা বলে।