ভারতজুড়ে ৪৮ ঘণ্টার ব্যাংক ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বেসরকারীকরণের উদ্যোগ ও ব্যাংক আইন সংশোধনের প্রতিবাদে ভারতে গতকাল বুধবার সকাল থেকে ৪৮ ঘণ্টার ব্যাংক ধর্মঘট শুরু হয়েছে।ব্যাংকগুলোর কেন্দ্রীয় সংগঠন ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস (ইউএফবিইউ) এই ধর্মঘট ডেকেছে। ফোরামের অধীন নয়টি ইউনিয়নের নেতৃত্বে ধর্মঘটে শামিল হয়েছেন সরকারি-বেসরকারি ও বিদেশি ব্যাংকের সাড়ে আট লাখ কর্মকর্তা-কর্মচারী।ধর্মঘটের ফলে ভারতে ব্যাংকগুলোর এটিএম সেবাও ব্যাহত হচ্ছে। আজ বৃহস্পতিবার পর্যন্ত ধর্মঘট চলবে।প্রসঙ্গত, ভারতীয় সংসদ লোকসভায় আজ বুধবারই (গতকাল) ব্যাংকিং অ্যামেন্ডমেন্ট বা ব্যাংক আইন সংশোধনসংক্রান্ত বিল পেশ হওয়ার কথা। গত বছর ৫ আগস্টও একই দাবিতে ধর্মঘট ডাকা হয়েছিল।এদিকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এদিন দুপুরে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা এক মিছিল বের করেন। মিছিলকারীরা পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি দেন। এ ছাড়া বিভিন্ন ব্যাংকের সামনেও ধর্মঘট পালনকারী ব্যাংকাররা গতকাল বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তাঁরা রাষ্ট্রায়ত্ত ব্যাংক খাতকে বহুজাতিক সংস্থাগুলোর কবল থেকে মুক্ত রাখার জন্য বিভিন্ন স্লোগান দেন।ইউএফবিইউর নেতা গৌতম বসু গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, ওই বিল (ব্যাংকিং অ্যামেন্ডমেন্ট) পাস হলে ব্যাংক খাতে বেসরকারি পুঁজির প্রভাব বাড়বে। ব্যাংকের পরিচালনার সিংহভাগ দায়িত্বও চলে যাবে বেসরকারি ব্যাংক শেয়ারহোল্ডারদের হাতে।ভারতে বর্তমানে ২৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে। এগুলো হচ্ছে এলাহাবাদ ব্যাংক, অন্ধ্র ব্যাংক, ব্যাংক অব বারোদা, ব্যাংক অব ইন্ডিয়া, ব্যাংক অব মহারাষ্ট্র, কানারা ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া, করপোরেশন ব্যাংক, দেনা ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাংক অব কমার্স, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক অব বিকানির, স্টেট ব্যাংক অব হায়দারাবাদ, স্টেট ব্যাংক অব মহীশূর, স্টেট ব্যাংক অব পাতিয়ালা, স্টেট ব্যাংক অব সৌরাষ্ট্র, স্টেট ব্যাংক অব ত্রিবাংকুর, সিন্ডিকেট ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, স্টেট ব্যাংক অব ইন্দোর, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়া, ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়া ও বিজয়া ব্যাংক।তবে রিজার্ভ ব্যাংক, গ্রামীণ ব্যাংক ও সমবায় ব্যাংক ধর্মঘটের আওতার বাইরে রয়েছে।