ভারতনির্ভরতাই দাম বাড়াচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেঁয়াজ
পেঁয়াজ

চীনে প্রতি টন পেঁয়াজের দাম ৫৫০ থেকে ৬০০ ডলার। অবশ্য দেশে এ পেঁয়াজের চাহিদা কম। পাকিস্তানেও এ দামে পাওয়া যায় এক টন পেঁয়াজ। এ পেঁয়াজ দেখতে প্রায় দেশি পেঁয়াজের মতো। স্বাদও কাছাকাছি। তাই দেশে চাহিদাও ভালো।
রপ্তানিমূল্য কম হওয়ার পরও এ দুটি দেশ থেকে যথেষ্ট পরিমাণে পেঁয়াজ আমদানি হচ্ছে না। দেশের আমদানিকারকেরা বেশি পেঁয়াজ আমদানি করছেন ভারত থেকেই। আর ভারতের ওপর অতিনির্ভরতার কারণেই দেশে পেঁয়াজের দাম তো কমছেই না, বরং প্রতিনিয়তই দামে রেকর্ড করছে।
এমনিতেই কয়েক মাস ধরে ভারতে পেঁয়াজের সংকট চলছে। দক্ষিণ ভারতের নতুন পেঁয়াজের আগমনও দেশটিতে পেঁয়াজের অগ্নিমূল্য কমাতে পারেনি। ফলে এক বছরের মধ্যে চতুর্থ দফায় পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়িয়েছে দেশটির সরকার। ৯০০ ডলার থেকে বাড়িয়ে এখন রপ্তানিমূল্য করা হয়েছে এক হাজার ১৫০ ডলার।
দফায় দফায় রপ্তানিমূল্য বাড়ানোয় ভারতের পেঁয়াজের ওপর নির্ভরশীল থাকা বাংলাদেশের বাজারও অস্থির হয়ে পড়েছে। পেঁয়াজের দাম আগেই সেঞ্চুরি হাঁকিয়েছিল। এখন দাম গিয়ে ঠেকেছে কেজিপ্রতি ১১০ টাকায়। এটি অবশ্য দেশি পেঁয়াজের দাম। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকা কেজি দরে।
ভারত থেকেই বেশি আমদানি: ভারতে পেঁয়াজের এত সংকটের পরও দেশটি থেকেই বেশি পেঁয়াজ আমদানি করা হচ্ছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি হয় মূলত সাতক্ষীরার ভোমরা, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ, দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে। কিছু পরিমাণে আমদানি হয় বেনাপোল দিয়েও।
বন্দরগুলোর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত তিন মাসে ভোমরা স্থলবন্দর দিয়ে ২৭ হাজার ৯১৫ টন, সোনামসজিদ দিয়ে প্রায় ৫৮ হাজার টন, হিলি দিয়ে ১৪ হাজার ১০৫ টন এবং বেনাপোল দিয়ে দুই হাজার ৭১৭ টন পেঁয়াজ আমদানি হয়েছে। তিন মাসে সব মিলিয়ে প্রায় এক লাখ দুই হাজার ৭৩৭ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
ভারতের পর বেশি পেঁয়াজ আমদানি হয়েছে মিয়ানমার থেকে। গত ২২ আগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত মিয়ানমার থেকে আট হাজার ৭১৭ টন পেঁয়াজ আমদানি হয়েছে। বন্দর কর্তৃপক্ষ বলেছে, ছয় বছর বন্ধ থাকার পর গত ২২ আগস্ট টেকনাফ বন্দর দিয়ে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, তিন মাসে পাকিস্তান থেকে প্রায় দেড় হাজার টন এবং চীন থেকে ৩০৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
ভারত গত শুক্রবার আবারও পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়ানোর কারণে অনেক রপ্তানিকারকই এখন আমদানি বন্ধ রেখেছেন। তবে কেউ কেউ বর্ধিত মূল্যেই আমদানি শুরু করেছেন।
হিলিকেন্দ্রিক আমদানিকারক হারুন উর রশিদ প্রথম আলোকে বলেন, ‘শনিবার আমদানি বন্ধ রেখেছিলাম। কিন্তু রোববার থেকে এক হাজার ১৫০ ডলারেই আমদানি করছি। প্রতি কেজির মূল্য পড়বে ৯৩ টাকা।’
ভোমরা বন্দরের সহকারী কমিশনার উত্তম বিশ্বাস প্রথম আলোকে বলেন, বর্ধিত রপ্তানিমূল্যে এখনো পর্যন্ত কোনো পেঁয়াজ দেশে আসেনি।
ভারত যেখানে দফায় দফায় দাম বাড়াচ্ছে, সেখানে কম রপ্তানিমূল্য হওয়ার পরও কেন পাকিস্তান কিংবা চীন থেকে আমদানি বাড়ছে না। কারণ জানতে চাইলে শ্যামবাজারের আমদানিকারক পপুলার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী রতন সাহা প্রথম আলোকে বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আগে আমাদের বাণিজ্য ছিল না। নতুন করে এ বাণিজ্যটা হয়েছে। সে কারণে আমরা যেমন সে দেশের ব্যবসায়ীদের চিনতাম না, তারাও আমাদের সম্পর্কে জানত না। এখন কিছুটা জানাশোনা হয়েছে। এখন হয়তো পাকিস্তানের থেকে পেঁয়াজ আমদানিও বাড়বে।’
আমদানিকারকেরা বলছেন, পাকিস্তান থেকে দু-তিন হাজার টন পেঁয়াজ আমদানির ঋণপত্র খোলা হয়েছে। সেসব পেঁয়াজ দেশে এসে বাজারে উঠতে ২০ থেকে ২২ দিন লেগে যেতে পারে।
ডিসেম্বরের শেষ ও জানুয়ারির শুরুতে দেশি মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করে। সেদিকেই এখন তাকিয়ে আছেন পাইকারি ব্যবসায়ীরা। তাঁদের মতে, ওই পেঁয়াজ না আসা পর্যন্ত বাজার স্থিতিশীল হওয়ার সম্ভাবনা কম।
পাইকারি-খুচরায় ব্যবধান: রাজধানীর শ্যামবাজারে এখন শুধু দেশি আর ভারতীয় পেঁয়াজই বিক্রি হচ্ছে। গতকাল প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮৮ থেকে ৯০ টাকায় বিক্রি হয়েছে। তবে কাঁচাবাজারগুলোতে খুচরায় প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকায়। প্রতি কেজি ২০ থেকে ২২ টাকা বেশিতে এ পেঁয়াজ বিক্রি হচ্ছে।
শ্যামবাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হলেও কাঁচাবাজারে এ পেঁয়াজের দর ৯০ থেকে ৯৫ টাকা। ১৫ থেকে ২০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।
খুচরা ও পাইকারি দামে বিস্তর ব্যবধান হলেও নির্বিকার বাণিজ্য মন্ত্রণালয়। ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দিন পর পর বৈঠক করা আর টিসিবির মাধ্যমে কিছু পেঁয়াজ বিক্রি করা ছাড়া মন্ত্রণালয়ের আর কোনো তৎপরতা চোখে পড়ে না।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাসুদ মিলাদ (চট্টগ্রাম), কল্যাণ ব্যানার্জি (সাতক্ষীরা), মনিরুল আলম (যশোর) ও হাকিমপুর প্রতিনিধি জাহিদ হোসেন]