ভারতীয় বস্ত্রশিল্পের প্রদর্শনী শুরু
বাংলাদেশের সুতার বাজার বাড়াতে আজ সোমবার ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ভারতীয় বস্ত্র প্রদর্শনী ‘ইনটেক্সপো বাংলাদেশ’। রাজধানীর একটি হোটেলে বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত জনসাধারণের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে। এতে ভারতের ২২টি বস্ত্র ও সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে বিভিন্ন মানের সুতা, শার্টের কাপড়, সুট, শাড়ি, হোম টেক্সটাইল, স্কার্ফ, ওড়না, শাল, লেসসহ বিভিন্ন ধরনের বস্ত্র প্রদর্শন করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম বলেন, বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দিলেও অশুল্ক বাধার কারণে রপ্তানি বাড়ানো সম্ভব হচ্ছে না। এই অশুল্ক বাধা দূর হলে উভয় দেশই ব্যবসা-বাণিজ্যে লাভবান হবে।
বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, বাংলাদেশের ব্যবসায়ীদের ভারতের ভিসা পেতে নানা রকম হয়রানির শিকার হতে হয়। এ ছাড়া স্থলবন্দরগুলোতে অবকাঠামোগত সুবিধার অভাব রয়েছে। এগুলো দূর করলে ভারতে রপ্তানি বাড়বে।
এর জবাবে অনুষ্ঠানের বিশেষ অতিথি সনজিৎ চক্রবর্তী বলেন, ‘ব্যবসায়ীদের ভিসা-প্রক্রিয়া সহজ করতে আমরা কাজ করছি। এ ক্ষেত্রে সমস্যার কথা জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ, ইন্দো-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি (আইবিসিসিআই) মোহাম্মাদ আলী।
ভারতের সিনথেটিক অ্যান্ড রেয়ন টেক্সটাইলস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (এসআরটিইপিসি) ও বাংলাদেশে ভারতীয় দূতাবাসের উদ্যোগে এ প্রদর্শনী চলছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশ (এফবিসিসিআই), তৈরি পোশাক মালিকদের সংগঠন গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) এই প্রদর্শনী আয়োজনে সহায়তা করছে।