বাংলাদেশ বিশ্বের ৪০টি দেশে শুল্কমুক্ত সুবিধায় পণ্য রপ্তানি করতে পারে। এ সুযোগটি কাজে লাগাতে চান ভারতীয় ব্যবসায়ীরা। সে জন্য বাংলাদেশের সঙ্গে যৌথ বিনিয়োগ কোম্পানি গঠনে আগ্রহী তাঁরা।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল শনিবার শুরু হওয়া ‘ইন্ডিয়া এক্সপো, ২০১৫’ শীর্ষক প্রদর্শনী উপলক্ষে এক সংবাদ সম্মেলনে ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের (এফআইইও) সহসভাপতি রমেশ কুমার আগরওয়াল এসব কথা লেন।
এর আগে গতকাল সকালে ভারতীয় রপ্তানি পণ্য ও সেবা নিয়ে আয়োজিত দুই দিনের প্রদর্শনীটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রদর্শনীর আয়োজক এফআইইও।
সংবাদ সম্মেলনে রমেশ আগরওয়াল জানান, ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে জুতা, পানি বিশুদ্ধকরণ, কেমিক্যাল, মসলা ইত্যাদি খাতে বিনিয়োগ করতে চান। এতে উভয় দেশই লাভবান হবে বলে তিনি মনে করেন।
রমেশ আগরওয়াল বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে বাংলাদেশ বহির্বিশ্বে পণ্য রপ্তানিতে যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে, তা কাজে লাগাতে ভারতীয় ও বাংলাদেশি ব্যবসায়ীরা যৌথ বিনিয়োগে আগ্রহী হতে পারেন।
এক প্রশ্নের জবাবে জুতাশিল্পে এখনই অংশীদার খোঁজা হচ্ছে বলে জানান রমেশ আগরওয়াল। তিনি বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির জন্য ভারতীয় ব্যবসায়ীরা প্রদর্শনী চলাকালে বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করবেন।
প্রদর্শনীতে ফুটওয়্যার, কৃষিপণ্য ও মসলা, টেক্সটাইল, আসবাব, মোড়কীকরণ সামগ্রী, প্লাস্টিক দানা, পরিবেশ পর্যবেক্ষণ পদ্ধতি, মেডিকেল পরীক্ষা পদ্ধতি, অটো পার্টস ইত্যাদি পণ্য প্রদর্শন করছে ভারতের প্রতিষ্ঠানগুলো।
প্রদর্শনীতে অংশ নিতে ভারতের ৫৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের ৯৬ জন প্রতিনিধি ঢাকায় এসেছেন।
আজ রোববার প্রদর্শনীর শেষ দিন। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত থাকবে।