ভারতীয় উদ্যোক্তাদের অভিজ্ঞতা সহায়ক হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে চায়। এ জন্য ভারতের শিল্প উদ্যোক্তাদের অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশের শিল্পায়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে তিনি মন্তব্য করেন।ভারতের বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএনসিসিআই) সভাপতি এস কে রায়ের নেতৃত্বে বাংলাদেশ সফররত চেম্বারের প্রতিনিধিদলের সঙ্গে গতকাল বিকেলে শিল্প মন্ত্রণালয়ে বৈঠককালে শিল্পমন্ত্রী এ আহ্বান জানান।বৈঠকে শিল্পসচিব দেওয়ান জাকির হোসাইনসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুনীল দাসগুপ্ত, ভাইস প্রেসিডেন্ট তেজময় রায় চৌধুরী, সাবেক প্রেসিডেন্ট সমীর কুমার ঘোষ, সন্দ্বীপ সেন, সন্তোষরঞ্জন সাহাসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলটি বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন, পোলট্রি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ অবকাঠামো, সিরামিক, আইটি ও কারিগরি শিক্ষা খাতে বিনিয়োগে তাঁদের আগ্রহ প্রকাশ করেন। তাঁরা সরকারের রূপকল্প ২০২১-এর প্রশংসা করে এর সফল বাস্তবায়নের জন্য মৌলিক প্রকৌশলে দক্ষতাসমৃদ্ধ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।