ভারতীয় ট্রাকচালকদের ধর্মঘটের কারণে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে দিয়ে গতকাল বৃহস্পতিবার দিনের অধিকাংশ সময় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। পরে সংশ্লিষ্ট তিন পক্ষের বৈঠকে সমঝোতা হলে বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
জানা গেছে, নিয়মানুযায়ী আমদানি পণ্য ওয়ে ব্রিজে পরিমাপ করে শুল্কায়ন করেন কাস্টমস কর্মকর্তারা। এ ক্ষেত্রে প্রথমে পণ্যসহ ট্রাকের এবং এরপর পণ্য খালাস শেষে খালি ট্রাক ওয়েট ব্রিজে ওজন করা হয়। তখন মোট ওজন (পণ্য ও ট্রাক) থেকে ট্রাকের ওজন বাদ দিয়ে আমদানি পণ্যের সঠিক ওজন নির্ধারণের কথা কর্মকর্তাদের। তবে পরিমাপন যন্ত্র মাত্র একটি হওয়ার কারণে সময় বাঁচাতে অনেক সময় খালি ট্রাক ওজন করার বিষয়টি এড়িয়ে যেতেন কর্মকর্তারা। কিন্তু গত বুধবার খালি ট্রাক ওজনের নিয়মটি বাধ্যতামূলক করা হয়। এতে সময় বেশি লাগায় ভারতীয় ট্রাকচালকেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রতিবাদে গতকাল সকালে সড়কে আড়াআড়িভাবে ট্রাক রেখে ধর্মঘটের ডাক দেন তাঁরা। যে কারণে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়ে।
গত রাত সোয়া আটটায় বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সায়েদুজ্জামান বলেন, উভয় দেশের কাস্টমস কর্মকর্তা ও সিঅ্যান্ডএফ এজেন্টদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের পর ভারতীয় ট্রাকচালক ইউনিয়নের নেতারা সাময়িকভাবে ধর্মঘট তুলে নেন। ফলে বিকেলে কিছু ট্রাক পারাপার হয়েছে। তবে আগামী সোমবার আরেকটি বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।