ভারতীয় পেঁয়াজে এত মুনাফা!
বাজারে ভারত থেকে আমদানি হওয়া পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে। তবে হিসাব করে দেখা গেছে, এই পেঁয়াজের দাম ৩০ টাকার বেশি হওয়ার যৌক্তিক কারণ নেই।
আমদানিকারকদের দাবি, ভারত পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে ৩০০ ডলার নির্ধারণ করায় সে দেশ থেকে পেঁয়াজ আমদানিতে ব্যয় বেড়ে গেছে। ফলে দেশেও তাদের বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয় গত ১৭ জুন পেঁয়াজের রপ্তানি মূল্য প্রতি টন ৩০০ ডলার নির্ধারণ করে। এর আগে এক টন পেঁয়াজের রপ্তানি মূল্য ছিল ১৫০ ডলার।
খোঁজ নিয়ে জানা গেছে, নতুন রপ্তানি মূল্যে গত মাসে দেশে খুব কম পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে। এর চেয়ে আগের রপ্তানি মূল্যেই বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে। আর আমদানিকারকেরা আগের রপ্তানি মূল্যে আমদানি করা পেঁয়াজ নতুন রপ্তানি মূল্যের হিসাব করেই বাজারে বিক্রি করছেন। এতে একদিকে তাঁরা যেমন অতিরিক্ত মুনাফা করছেন। অন্যদিকে ক্রেতারাও ঠকছেন।
সরকারি সংস্থা বাংলাদেশ ট্যারিফ কমিশনও হিসাব করে দেখেছে, ৩০০ ডলারে আমদানি হওয়া পেঁয়াজের মূল্য কোনোভাবেই ৩৫ টাকার বেশি হওয়া উচিত না। তবে বেশির ভাগ পেঁয়াজ যেহেতু আগের রপ্তানি মূল্যে এসেছে তাই পেঁয়াজের মূল্য অবশ্যই ৩৫ টাকার নিচে থাকা উচিত।
এ বিষয়ে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ইকবাল খান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বাজারে এখন ভারতীয় পেঁয়াজ যে ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে, এত টাকায় এই পেঁয়াজ বিক্রি হতেই পারে না। এটা অযৌক্তিক।’ তিনি বলেন, ‘ভারত পেঁয়াজের রপ্তানি মূল্য ১৫০ ডলার থেকে বাড়িয়ে ৩০০ ডলার করলেও সেই মূল্যে কিন্তু খুব বেশি পেঁয়াজ এখনো আসেনি। অধিক পরিমাণে আমদানি হলেই কেবল পেঁয়াজের দাম বাড়তে পারে। সেটা হয়তো আরও এক-দুই সপ্তাহ পর। আমরা হিসাব করে দেখেছি, তখনো পেঁয়াজের দাম ৩৫ টাকার বেশি হওয়া উচিত না।’
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘ট্যারিফ কমিশন এ বিষয়ে কাজ করছে। তাদের কাছ থেকে প্রতিবেদন পেয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এসব কারসাজি দেখার জন্য বাজারে মন্ত্রণালয়ের ১৪টি তদারক দল কাজ করছে বলেও তিনি জানান।
রপ্তানি মূল্য নিয়ে কারসাজি: সাতক্ষীরার ভোমরা, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, যশোরের বেনাপোল এবং দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়েই মূলত ভারত থেকে পেঁয়াজ আসে।
এসব স্থলবন্দরে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমান রপ্তানি মূল্যে প্রতি টন পেঁয়াজ ৩১০ ডলারে (সিঅ্যান্ডএফ—সব ধরনের পরিবহন ব্যয়সহ) আমদানি হয়েছে। সে হিসাবে, এক কেজি পেঁয়াজের দাম আসে প্রায় ২৫ টাকা। এর সঙ্গে পাইকারি ব্যবসায়ী যদি পরিবহন ব্যয় ও মুনাফা হিসাবে আরও চার টাকা করে রাখেন তাহলে পেঁয়াজের পাইকারি মূল্য হয় ২৯ টাকা।
তবে দেশে বেশির ভাগ পেঁয়াজই আসছে ভারতের আগের রপ্তানি মূল্যে (১৫০ ডলার) খোলা ঋণপত্রের মাধ্যমে। ভোমরা বন্দরে গত জুন মাসে মোট পেঁয়াজ এসেছে ২৯ হাজার ২৩১ টন। এর মধ্যে ৩০০ ডলারের বেশি মূল্যে পেঁয়াজ এসেছে মাত্র ৭৫ টন। সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে জুন মাসে পেঁয়াজ এসেছে ১৬ হাজার ৬৮০ টন। বন্দর কর্তৃপক্ষ বলছে, এর বেশির ভাগই ১৫০ থেকে ২০০ ডলারে এসেছে। তবে কর্তৃপক্ষ এ বিষয়ে নির্দিষ্ট করে তথ্য দিতে পারেনি।
আমদানি ব্যয় বিশ্লেষণ করে দেখা গেছে, এসব পেঁয়াজ এসেছে ১৩০ থেকে ২৬০ ডলারে। সে হিসাবে, এসব পেঁয়াজের দাম হওয়া উচিত ১৫ থেকে ২৫ টাকা। ট্যারিফ কমিশনও ভোমরার আমদানি ব্যয় হিসাব করে দেখেছে, এই সময়ে উপরিউক্ত দামে আমদানি হওয়া পেঁয়াজের দাম হওয়া উচিত ১২ থেকে ২৫ টাকা।
অথচ রাজধানীর পেঁয়াজ-রসুন-আদার বড় পাইকারি বাজার শ্যামবাজারে গতকাল মঙ্গলবার প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ২৮ থেকে ৩০ টাকায়। আর দেশি পেঁয়াজের দাম ছিল ৩২ থেকে ৩৩ টাকা।
শ্যামবাজারের পেঁয়াজ, রসুন, আদার আমদানিকারক ও পপুলার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী রতন সাহা প্রথম আলোকে বলেন, ‘আমরা যে দামে আমদানি করি, সে দামেই পেঁয়াজ বিক্রি করি। এখন আমাদের ৩০০ ডলারে আমদানি করতে হচ্ছে।’ অনেকেই তো ১৫০ ও ২০০ ডলারে আমদানি করেও বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন—এমন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে চাই না।’
রতন সাহা বলেন, ‘ভারতের নাসিকে এবার পেঁয়াজের উৎপাদন অনেক কমে গেছে। এটি আমাদের ভোগান্তিতে ফেলবে। কারণ, নিজেদের চাহিদা পূরণের জন্য ভারত আবারও রপ্তানি মূল্য বাড়াতে পারে। সামনে যেহেতু আমাদের আরেকটি বড় উৎসব (কোরবানির ঈদ) আছে, তাই সরকারকে এখনই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।’
বাংলাদেশসহ ভারতের প্রতিবেশী দেশগুলো মূলত নাসিকে উৎপাদিত পেঁয়াজটাই আমদানি করে। ভারতের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারি ও মার্চে টানা অসময়ের বৃষ্টি ও শিলাবৃষ্টিতে এবার চলতি মৌসুমে নাসিক জেলায় অর্ধেক পেঁয়াজই নষ্ট হয়ে গেছে। জেলায় এবার দুই লাখ ৯৪ হাজার টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। গত বছর উৎপাদিত হয়েছিল ছয় লাখ টনের বেশি।