ভারতীয় পোশাক রপ্তানিকারকেরা দ্রুত ইইউর সঙ্গে এফটিএ চান
ভারতীয় তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকেরা দ্রুত ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চূড়ান্ত করার জন্য ভারত সরকারের ওপর চাপ তৈরি করেছে। তাঁদের দাবি, এর ফলে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বৃহত্তর বাজারসুবিধা পেয়ে রপ্তানি বাড়ানো সম্ভব হবে।
এদিকে ইইউতে ভারতীয় তৈরি পোশাক রপ্তানি বাজারসুবিধা পেলে বাংলাদেশ কিছুটা বাড়তি প্রতিযোগিতার মধ্যে পড়বে বলে মনে করা হচ্ছে।
গত বছর ভারতের তৈরি পোশাক রপ্তানি দাঁড়িয়েছে এক হাজার ৫৭০ কোটি ডলার। এ তথ্য দিয়ে ভারতীয় অ্যাপারেল এক্সপোর্টস প্রমোশন কাউন্সিলের (এইপিসি) চেয়ারম্যান বীরেন্দ্রর উপল বলেছেন, ‘ভারতের পোশাক রপ্তানির ১২ শতাংশ যায় ইউরোপীয় ইউনিয়নের বাজারে। আর যেসব দেশের সঙ্গে ভারত এফটিএ বা পিটিএ (প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট) করেছে, সেসব দেশেই ভারতের পোশাক রপ্তানি বেড়েছে।’
এফটিএ ও পিটিএ রয়েছে, এমন দেশগুলোতে গত বছর ভারতের তৈরি পোশাকের মোট রপ্তানি দাঁড়িয়েছে দুই বিলিয়ন (২০০) কোটি ডলার। আর ইইউতে রপ্তানি হয়েছে ২৬৭ কোটি ডলার।
উপল আরও বলেন, ‘আমরা সরকারের কাছে জোর সুপারিশ করছি, যেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত করা হয়। তাহলে আমাদের রপ্তানিকারকেরা প্রতিযোগী বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার রপ্তানিকারকদের মতো বাজারসুবিধা পাবে।’
নয়াদিল্লিতে প্রগতি ময়দানে গতকাল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গার্মেন্ট ফেয়ারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারতের বস্ত্রমন্ত্রী সন্তোষ গানগাওর উপস্থিতিতে উপল এসব কথা বলেন। এই মেলাটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম তৈরি পোশাক ও বস্ত্রমেলা, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ৪১৬ জন ক্রেতা প্রতিষ্ঠান উপস্থিত হয়েছে।
ভারত শুধু রপ্তানিই করে না। বিভিন্ন দেশ থেকে তৈরি পোশাক ও বস্ত্র আমদানি করে। এফটিএ ও পিটিএ রয়েছে এমন দেশগুলো থেকে গত বছর মোট ২৭ কোটি ৫০ লাখ ডলারের পোশাক ও বস্ত্র আমদানি করেছে ভারত। আর মোট আমদানি ছিল ৪৭ কোটি ৫০ লাখ ডলার।
অন্যদিকে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ইইউ-ভারত মুক্তবাণিজ্য চুক্তির আওতায় ভারত যদি শুল্কমুক্ত সুবিধা পেয়ে যায়, তাহলে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যের বেশির ভাগই বড় ধরনের প্রতিযোগিতার মুখে পড়বে।
ইইউর বাজারে বাংলাদেশের নিকটতম প্রতিযোগী হিসেবে ভারত, পাকিস্তান ও ভিয়েতনামকে বিবেচনা করা হয়। এই তিনটি দেশকে ইইউ যদি শুল্কমুক্ত সুবিধা প্রদান করে তাহলে তার প্রভাবে বাংলাদেশের প্রকৃত মোট দেশজ উৎপাদন (জিডিপি) দশমিক ২৭ শতাংশ কমে যাবে, মোট রপ্তানি কমবে দশমিক ১৭ শতাংশ আর বস্ত্র ও তৈরি পোশাক রপ্তানি কমবে প্রায় ১ শতাংশ।
বিএফটিআইয়ের গবেষক মোহাম্মদ মাসুদুর রহমান কিছুদিন আগে এই প্রতিবেদনটি তৈরি করেন। এতে আরও বলা হয়, বাংলাদেশের প্রধান রপ্তানিপণ্য তৈরি পোশাক (ওভেন ও নিট পোশাক মিলিয়ে) এখন ইইউর বাজারে কোনো শুল্ক ছাড়াই প্রবেশ করতে পারে। একই পণ্যে ভারত ও পাকিস্তানকে ৯ দশমিক ৪০ শতাংশ এবং ভিয়েতনামকে ১২ শতাংশ হারে শুল্ক প্রদান করতে হয়।
কিন্তু বাজারসুবিধা পেলে অর্থাৎ শুল্ক দিতে না হলে স্বাভাবিকভাবেই বাংলাদেশের তুলনায় ভারতের পণ্য অধিক প্রতিযোগিতাসক্ষম হয়ে উঠবে।
যোগাযোগ করা হলে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সাবেক সভাপতি ফজলুল হক প্রথম আলোকে বলেন, ‘ভারত ইউরোপীয় ইউনিয়নে বাজারসুবিধা পেলে আমরা তা আটকাতে পারব না। আবার ইইউ থেকে আমাদের আর বাড়তি কিছু পাওয়ারও সুযোগ নেই। এই অবস্থায় বাংলাদেশের পোশাক রপ্তানি একটি বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। আর আমাদের এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এ জন্য সবচেয়ে বেশি প্রয়োজন পোশাক খাতের উৎপাদন দক্ষতা বাড়ানো।’
ফজলুল হক ব্যাখ্যা করে বলেন, রানা প্লাজা ধসের পর পোশাক খাত যে ভাবমূর্তি সংকটে পড়েছিল, তার প্রভাবে ক্রেতারা বেশ কিছু কার্যাদেশ সরিয়ে ভারতে নিয়ে গিয়েছিল। বৈশ্বিক ক্রেতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কার্যালয় অনেকগুলোই ভারতে অবস্থিত। অনেক জায়গায় খোদ ভারতীয়রাই ক্রেতা প্রতিষ্ঠান পরিচালনা করে। এ রকম অবস্থায় ইইউতে বাজারসুবিধা পেলে ভারতের পোশাক রপ্তানিকারকেরা স্বাভাবিকভাবেই বাংলাদেশকে বাড়তি প্রতিযোগিতার মুখে ফেলবে।
এ রকম পরিস্থিতি হলে সরকারের দিক থেকে কী করণীয় জানতে চাইলে বিকেএমইএর সাবেক এই সভাপতি বলেন, ‘সরকার কিছুটা নীতিসহায়তা দিতে পারে। তবে এই খাতের উদ্যোক্তাদের বেশি সক্রিয় ও সচেতন হতে হবে। বিশ্ববাজারে প্রতিযোগিতা আরও বাড়বে। সরকারের কাছ থেকে শুধু নগদ সহায়তা ও কর ছাড় নেওয়া কোনো সমাধান নয়। উদ্যোক্তাদেরই চেষ্টা করতে হবে উৎপাদনশীলতা বাড়াতে ও নতুন বাজার খুঁজে পেতে।’
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) হিসাব অনুসারে, ২০১২ সালে তৈরি পোশাকের বৈশ্বিক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়, চীন ও ইউরোপীয় ইউনিয়নে পরে। আর ভারতের অবস্থান ষষ্ঠ। ২০১৩ সালের হিসাব এখনো জানা যায়নি। তবে ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ ২৪ দশমিক ৪৯ বিলিয়ন বা দুই হাজার ৪৪৯ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে।