ভারতীয় প্রস্তাবে সাড়া দেয়নি বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌ-প্রটোকলের নবায়ন সীমার মেয়াদ বাড়ানোর ভারতীয় প্রস্তাবে সাড়া দেয়নি বাংলাদেশ। মাশুল আরোপ করে যখন ভারতকে ট্রানজিট দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ, তখনই নৌ-প্রটোকলের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়। বিদ্যমান নৌ-প্রটোকলের আওতায় পণ্য পরিবহনে কোনো ধরনের মাশুল ছাড়াই ট্রানজিট-সুবিধা পায় ভারত। এই প্রটোকল নবায়নের মেয়াদ পাঁচ বছর করার প্রস্তাব দেয় ভারত। কিন্তু প্রস্তাবে সাড়া না দিয়ে বরং বিদ্যমান নবায়ন সীমার মেয়াদ দুই বছর থেকে কমিয়ে এক বছর আনার পাল্টা প্রস্তাব দেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে। ভারতের পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্যের কলকাতায় অনুষ্ঠিত নৌ-প্রটোকলসংক্রান্ত দুই দেশের মধ্যকার স্টান্ডিং কমিটির সর্বশেষ বৈঠকে বাংলাদেশের অবস্থান ছিল এমনই। গত ২৩ ও ২৪ জানুয়ারি দুই দিনব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। শেষ পর্যন্ত বাংলাদেশের অবস্থান মেনে নিয়ে নৌ-প্রটোকলের নবায়নের মেয়াদ এক বছর করতে ভারত রাজি হয়েছে। বৈঠকে বাংলাদেশের নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আলাউদ্দিন এবং ভারতের নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাজীব গুপ্ত নিজ নিজ পক্ষে নেতৃত্ব দেন। আর আগামী ১৩ ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠেয় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এক বছরের মেয়াদের নবায়ন চুক্তিটি স্বাক্ষর হতে পারে।জানা গেছে, বাংলাদেশের ভূখণ্ড দিয়ে নৌ, সড়ক ও রেল ট্রানজিট-সুবিধা চূড়ান্ত হওয়ার আগেই নৌ-প্রটোকলের নবায়নের মেয়াদ বাড়াতে তর‌্যাপর হয় ভারত। কেননা, ট্রানজিট-সুবিধা নিতে হলে শেষ পর্যন্ত ভারতকে মাশুল দিতে হবে। আর বিদ্যমান নৌ-প্রটোকলের আওতায় কোনো মাশুল দিতে হয় না। এ ছাড়া ট্রানজিট-সুবিধা দিতে বাংলাদেশ অংশের সড়ক ও রেল অবকাঠামো তৈরি করতে আরও কয়েক বছর লাগবে। এই সময়ে মধ্যে বিনা মাশুলে নৌপথেই ট্রানজিট নিতে বেশি আগ্রহী ভারত। স্ট্যান্ডিং কমিটির বৈঠকে বাংলাদেশের অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরে বলা হয়, দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০১২ সালের ৩১ মার্চ। এই বাণিজ্য চুক্তির আওতায় নৌ-প্রটোকল স্বাক্ষরিত হয়েছে। বাণিজ্য চুক্তির ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, মূল চুক্তির মেয়াদসীমার বাইরে এর আওতায় অন্য কোনো বিষয়ের সময় বা মেয়াদসীমা বাড়ানোর কোনো সুযোগ নেই। এই যুক্তি তুলে ধরে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, নৌ-প্রটোকলের নবায়নের মেয়াদও এ কারণে বাড়ানো সম্ভব নয়। এমনকি বিদ্যমান দুই বছরের নবায়ন মেয়াদও রাখা সম্ভব নয়।গত বছরের শেষের দিকে ভারতের পক্ষ থেকে নৌ-প্রটোকলের নবায়ের মেয়াদ দুই বছরের পরিবর্তে সাত বছর করার প্রস্তাব করে। পরে তা কমিয়ে পাঁচ বছরের প্রস্তাব দেওয়া হয়। ভারতের প্রস্তাব পেয়ে গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের মতামত চেয়ে চিঠি দেয় নৌপরিবহন মন্ত্রণালয়। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় ও এনবিআর নৌ-প্রটোকলের নবায়নের মেয়াদ না বাড়ানোর পক্ষে জোরালো মত দেয়। এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয় মেয়াদ না বাড়িয়ে বরং কমানোর প্রস্তাব করে বলে জানা গেছে। শুল্ক কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, সড়ক, রেল ও নৌপথে ভারতকে ট্রানজিটসংক্রান্ত সুবিধাগুলো নিশ্চিত করার বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত বিলম্বও হতে পারে। এমন অবস্থায় নৌ-প্রটোকলের নবায়নের মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়ানো হলে বাংলাদেশ কার্যত কোনো রাজস্ব পাবে না। কেননা, ট্রানজিট ও ট্রানশিপমেন্ট বিধিমালা স্থগিত করায় ট্রানজিট ফি বা মাশুল নেওয়ার সুযোগ নেই। আর ট্রানজিট-সুবিধা দেওয়া হলেও নৌ-প্রটোকলের সুবিধা ভোগ করবে ভারত। তাঁরা আরও জানান, ট্রানশিপমেন্টের মাধ্যমে আশুগঞ্জ বন্দর হয়ে যেসব কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতিসহ পণ্য ত্রিপুরা কিংবা আসাম যাবে, সেখানে শুল্ক আরোপ করতে পারবে না বাংলাদেশ। উল্লেখ্য, ১৯৭২ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি হয়। এই চুক্তির মেয়াদ ছিল ৪০ বছর। এই চুক্তির আওতায় বিভিন্ন বাণিজ্যসুবিধা দিতে একই বছর অভ্যন্তরীণ নৌপথ অতিক্রম ও বাণিজ্য প্রটোকল স্বাক্ষর হয়, যা নৌ-প্রটোকল হিসেবে পরিচিত। প্রতি দুই বছর পরপর এই নৌ-প্রটোকলের মেয়াদ বাড়ানো হতো। সর্বশেষ ২০০৯ সালের ২৪ মার্চ ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকে এই নৌ-প্রটোকলের মেয়াদ দুই বছরের জন্য বাড়ানো হয়, যা একই বছরের ১ এপ্রিল থেকে কার্যকর হয়। আগামী ৩১ মার্চ এই প্রটোকলের নবায়নের মেয়াদ শেষ হচ্ছে।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে ভারতকে নৌপথের পাশাপাশি সড়ক ও রেলপথেও ট্রানজিট দেওয়ার জন্য যৌথ ঘোষণা দেওয়া হয়। এর বিপরীতে অবকাঠামো উন্নয়নের জন্য ভারত বাংলাদেশকে ১০০ কোটি ডলারের ঋণ দেবে।