ভারতীয় বিনিয়োগেরও বড় ঘাটতি রয়েছে বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার দেশগুলোর পরস্পরের মধ্যে বাণিজ্য অনেক কম। একইভাবে পারস্পরিক বিনিয়োগের ঘাটতিও প্রকট। আবার দক্ষিণ এশিয়ার দেশগুলো সবাই ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য-ঘাটতির সম্মুখীন। এই বাণিজ্য-ঘাটতি নিয়ে বাংলাদেশের অনুযোগের শেষ নেই। তবে শুধু বাণিজ্য-ঘাটতিই নয়, বরং ভারতীয় বিনিয়োগের ঘাটতিও বেশ বড়। অর্থাৎ, প্রতিবেশী ও বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়েও ভারত থেকে বাংলাদেশে বিনিয়োগ খুব অল্প।বিনিয়োগ বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সালে বাংলাদেশে ভারতীয় প্রকৃত বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় দুই কোটি ৫৭ লাখ মার্কিন ডলার। অথচ একই বছর এ দেশে পাকিস্তানের বিনিয়োগ ছিল প্রায় সাত কোটি ডলার। ২০১১ সালে বাংলাদেশে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ১১৩ কোটি ৬৩ লাখ ডলার। এর মধ্যে ভারতীয় বিনিয়োগের হিস্যা মাত্র সোয়া ২ শতাংশ। একই বছর যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১১ কোটি ৭৭ লাখ, নেদারল্যান্ডস থেকে এসেছে ১১ কোটি ৬৭ লাখ, যুক্তরাজ্য থেকে ১১ কোটি ৬৩ লাখ, দক্ষিণ কোরিয়া থেকে ১১ কোটি ৩০ লাখ, হংকং থেকে ১০ কোটি ৪৮ লাখ, অস্ট্রেলিয়া থেকে সাত কোটি ২৮ লাখ ও জাপান থেকে এসেছে চার কোটি ৬৫ লাখ মার্কিন ডলারের বেশি।স্বাধীনতার পর থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশে পুঞ্জীভূত বিদেশি বিনিয়োগের পরিমাণ ৬২০ কোটি ডলার। এর মধ্যে ভারতের বিনিয়োগ মাত্রা ১৬ কোটি ডলার, যা মোট পুঞ্জীভূত বিনিয়োগের ২ দশমিক ৬০ শতাংশ।শুধু তা-ই নয়, ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে যখন বিভিন্ন মাত্রায় চেষ্টা চলছে, তখন এ দেশে ভারতীয় বিনিয়োগ আগের বছরের চেয়ে কমে গেছে। ২০১০ সালে ভারতীয় বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় চার কোটি ৩২ লাখ মার্কিন ডলার। ২০১১ সালে সেটি কমে দাঁড়িয়েছে দুই কোটি ৫৭ লাখ ডলারে। তবে বিনিয়োগের উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, ২০১১ সালে ভারতীয় বিনিয়োগের বড় অংশই ছিল আয়ের পুনর্বিনিয়োগ। অর্থাৎ, বাংলাদেশে ভারতের যেসব প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো এ দেশ থেকে যে পরিমাণ আয় করেছে তার একটি অংশ পুনরায় বিনিয়োগ করেছে। গত বছর এর পরিমাণ ছিল দুই কোটি ডলারের সামান্য বেশি। ওই বছর ভারত থেকে নতুন মূলধন বা বিনিয়োগ এসেছে মাত্র ২৪ লাখ ডলারের। অথচ ২০১০ সালেও ভারত থেকে তিন কোটি ৪২ লাখ ডলার বিনিয়োগ এসেছিল। অন্যদিকে ২০১১ সালে বিশ্বে ভারতীয় বিনিয়োগের পরিমাণ ছিল এক হাজার ৪৮০ কোটি ডলার। এর বেশির ভাগই হয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, মরিশাস, সুদান, যুক্তরাজ্য, হংকং ও ভিয়েতনামে।বাংলাদেশে ভারতীয় বিনিয়োগের এই যখন অবস্থা, তখন ঢাকায় তিন দিনের ভারতীয় পণ্য প্রদর্শনী বা ইন্ডিয়া শোকে ঘিরে বেশ জোরেশোরেই আলোচনায় এসেছে যৌথ বিনিয়োগের বিষয়টি। প্রদর্শনী চলাকালেই এ দেশের অলংকারশিল্পে ভারতের ৫০ কোটি রুপির যৌথ বিনিয়োগের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর বাইরে ভেষজ ও খাদ্যপণ্য, পাট, বস্ত্র, রসায়ন, তথ্যপ্রযুক্তিসহ আরও কয়েকটি খাতে যৌথ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।ভারতীয় বিনিয়োগের ঘাটতি সম্পর্কে জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) জ্যেষ্ঠ গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, ভারতের বাইরে সে দেশের ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন খুব বেশি দিন হয়নি। তবে ভারতীয়রা বিশ্বের বিভিন্ন দেশে যেসব খাতে বিনিয়োগ বাড়াচ্ছেন, বাংলাদেশে সেসব খাতে বিনিয়োগের সুযোগ সীমিত। ভারতীয় বিনিয়োগ না বাড়ার এটি একটি কারণ। এ ছাড়া দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে বিনিয়োগের জন্য রাজনৈতিক অনুকূল পরিবেশও ছিল না। গোলাম মোয়াজ্জেম আরও বলেন, ‘ভারতের টাটার মতো প্রতিষ্ঠান একসময় এ দেশে বিনিয়োগে আসতে রাজি হয়েছিল। কিন্তু প্রাতিষ্ঠানিক ও সমঝোতা দক্ষতার অভাবে সেই বিনিয়োগ আমরা আনতে পারিনি। যদি এ দেশে টাটার মতো প্রতিষ্ঠানের বিনিয়োগ হতো, তাহলে এ দেশের বিদেশি বিনিয়োগের চিত্রটাই হয়তো পাল্টে যেত।’ ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি আছে। আছে দ্বৈত কর পরিহার চুক্তি। অর্থাৎ, বিনিয়োগ অনুকূল আইনি কাঠামো বিদ্যমান আছে। বিনিয়োগ বোর্ডের পরিসংখ্যান থেকে আরও জানা যায়, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত শতভাগ ভারতীয় বিনিয়োগের ৭৭টি ও বাংলাদেশ-ভারত যৌথ বিনিয়োগের ১৯১টি প্রস্তাব নিবন্ধিত হয়েছে। মোট প্রস্তাবিত বিনিয়োগ প্রায় ৭৬ কোটি ডলার। এর সিংহভাগই যে বাস্তবায়িত হয়নি, তা তো ওপরের চিত্রই বলে দেয়। সিপিডির গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম আরও বলেন, ২০১১ সালে ভারত তার বাজারে বাংলাদেশি ২৫টি বাদে প্রায় সকল পণ্যের (৯৯ শতাংশ) শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়। এর ফলে ভারতীয়দের এ দেশে বিনিয়োগের সুযোগও বেড়েছে। কারণ, বাংলাদেশে পণ্য উৎপাদন করে শুল্কমুক্ত সুবিধার আওতায় সেটি ভারতের বাজারে পুনঃ রপ্তানির সুযোগ থাকছে; পাশাপাশি অন্যান্য দেশে রপ্তানির সুযোগ তো রয়েছেই। তিনি বলেন, শুল্কমুক্ত পণ্যের প্রবেশাধিকারের মধ্য দিয়ে মূলত দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কে নতুন এক মাত্রা যুক্ত হয়েছে। ভবিষ্যতে বিনিয়োগসহ অন্যান্য ক্ষেত্রে যার সুফল পাওয়া যাবে।