বাংলাদেশকে ৬১ ধরনের পণ্যে শুল্কমুক্ত বাজারসুবিধা দিলে ভারতের ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। এই সুবিধা ভারতের মতো বিশাল বাজারে যেন ‘সমুদ্রে এক ফোঁটা পানি’র মতো। ভারতের বাজারে শুল্কমুক্ত বাজারসুবিধা পাওয়ার বিষয়ে সেখানকার বস্ত্র খাতের ব্যবসায়ীদের নেতিবাচক প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ব্যবসায়ী নেতারা এ অভিমত প্রকাশ করেছেন। খবর ইউএনবির।৬১টি পণ্যে বাংলাদেশকে বাজারসুবিধা দেওয়া হচ্ছে—এমন খবরে ভারতীয় উদ্যোক্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতের অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (এপেক) এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রির নেতারা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাঁরা বলেছেন, বাংলাদেশকে এই বাজারসুবিধা দিলে ভারতের সংশ্লিষ্ট স্থানীয় শিল্পগুলো ক্ষতির মুখে পড়বে।উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ৬১টি পণ্যে শুল্কমুক্ত বাজারসুবিধা চেয়ে ভারতকে তাদের স্পর্শকাতর পণ্যের তালিকা থেকে এসব পণ্য বাদ দেওয়ার অনুরোধ করে আসছে বাংলাদেশ। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল বাংলাদেশ সফরে এসে অবশ্য ৪৬টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা ঘোষণা করেছেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, ‘বাংলাদেশকে এ ধরনের বাজারসুবিধা দিলে আমি ভারতীয় ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছুই দেখছি না। এটা ভারতের বিশাল বাজারে সমুদ্রে এক ফোঁটা পানির মতো। এতে ভারতীয় ব্যবসায়ীদের স্বার্থের হানি হবে না।’মীর নাসির আরও বলেন, ‘আমরা একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে প্রতিশ্রুতিগুলোর পূরণ চাই। ইতিমধ্যে শুল্ক ও অশুল্ক বাধাসহ রপ্তানি সম্প্রসারণে সব ধরনের জটিলতা চিহ্নিত করা হয়েছে। এখন এসব বাধা দূর করতে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দরকার।’ মীর নাসিরের মতে, স্পর্শকাতর পণ্যের তালিকায় বহু রপ্তানিযোগ্য পণ্য থাকায় দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল (সাফটা) কার্যকর হতে পারছে না। দিনদিন বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতি বাড়ছে। এই বাণিজ্য ব্যবধান কমাতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।মীর নাসির মনে করেন, দুই দেশের মধ্যে বাণিজ্যে ভারসাম্য আনা সম্ভব না হলেও ঘাটতি কমানো সম্ভব, যদি বাংলাদেশি পণ্য ভারতের বাজারে অবাধে প্রবেশ করতে পারে।বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন জানান, ‘শুল্কমুক্ত বাজারসুবিধা দিলে ভারতের মানুষ তুলনামূলক কম দামে বাংলাদেশের মানসম্পন্ন পণ্য কিনতে পারবে। যদি কূটনৈতিকভাবে সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে দর-কষাকষি করা সম্ভব হয়, তাহলে ভারতে প্রায় ৩০০ কোটি ডলারের বাজার তৈরি করতে পারে বাংলাদেশ।’প্রসঙ্গত, ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ ৪৫৭ কোটি ডলারের ভারতীয় পণ্য আমদানি করেছে। অন্যদিকে, ৫১ কোটি ডলারের বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হয়েছে।