ভারতীয় ব্যবসায়ীরা প্রচুর গম রপ্তানির সুযোগ পাচ্ছেন
ভারতীয় ব্যবসায়ীরা এবার বেশি পরিমাণে গম রপ্তানির সুযোগ পাচ্ছেন। দেশে গমের বাম্পার ফলন হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দাম ভালো থাকায় তাঁদের সামনে সুযোগটি করে দিয়েছে সরকার।এবার ভারতের ব্যবসায়ীরা জাহাজভাড়া বাদে প্রতি টন ২৯৫ থেকে ৩০০ মার্কিন ডলার দামে মোট পাঁচ লাখ থেকে সাড়ে সাত লাখ টন পর্যন্ত গম রপ্তানি করতে পারবেন। এ ছাড়া, ব্যবসায়ীদের আরও বেশি বা অতিরিক্ত পরিমাণে গম রপ্তানি করতে দেওয়া যায় কি না, তা নিয়েও চিন্তাভাবনা করছে সরকার। আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত, এমন তিনটি নয়াদিল্লিভিত্তিক ব্যবসায়িক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।ভারতের কৃষকেরা গত বছরের ধারাবাহিকতায় এবারও রেকর্ড পরিমাণ গম উৎপাদন করছেন বলে আশা করা হচ্ছে। ২০১২ সালে দেশটিতে মোট গম উৎপাদন হয় নয় কোটি ৫০ লাখ টন। আর দেশে গমের মোট চাহিদা হলো সাত কোটি ৬০ লাখ টন। সে অনুযায়ী, এবার ভারতে চলতি বছরে এক কোটি ৯০ লাখ টন গম উদ্বৃত্ত থাকার কথা।এ বছরের গম রপ্তানির প্রক্রিয়া শুরু হবে আগামী মার্চ মাসে। আর রপ্তানিমুখী গম জাহাজীকরণের কার্যক্রম চলবে এপ্রিল থেকে জুন পর্যন্ত। যেসব দেশে ভারতীয় গম রপ্তানি হয়, সেগুলো হচ্ছে: দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম।পরিসংখ্যান অনুযায়ী, বিশ্ববাজারে বছরে তিন কোটি থেকে চার কোটি টন গম পশুখাদ্য হিসেবে কেনাবেচা হয়। তবে, সব মিলিয়ে গমের মোট বার্ষিক বাণিজ্যের পরিমাণ হলো ১৪ কোটি টন।