এ সপ্তাহের সাক্ষাৎকার: বৈদেশিক মুদ্রার প্রভাব
ভারতীয় ব্যাংকের শাখায় নোট বদলের উদ্যোগ নেওয়া দরকার

মোহাম্মদ নূরুল আমিন। বেসরকারি মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেদা) চেয়ারম্যান হিসেবেও। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের ঘোষণা দিয়েছেন। তাতে বিপাকে পড়েছেন বাংলাদেশিরাও। এ নিয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকারটি নিয়েছেন সানাউল্লাহ সাকিব
প্রথম আলো: হঠাৎ করে ভারত সরকার ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করে দেওয়ায় বাংলাদেশ কী ধরনের ক্ষতিতে পড়ল?
মোহাম্মদ নূরুল আমিন: এ ধরনের সিদ্ধান্ত হঠাৎ করেই ও গোপনে নিতে হয়। পাশাপাশি সিদ্ধান্তের পরদিন ছুটি অথবা ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখতে হয়। যে কারণে নোট বাতিলের উদ্যোগ নেওয়া হয়, সেটি বাস্তবায়ন করার প্রক্রিয়াটি এমনই। আমাদের কাছে অন্য বৈদেশিক মুদ্রা যেমন, ভারতীয় রুপিও তেমন। বাংলাদেশে আইনগতভাবে পাঁচ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা রাখার সুযোগ আছে। তাই যে কারও কাছেই পাঁচ হাজার ডলারের সমপরিমাণ ভারতীয় রুপি থাকতে পারে। দেশে যে রুপি আছে, ব্যাংকগুলোতে যে রুপি আছে তা বিভিন্ন মাধ্যমে পরিবর্তন হয়ে যাবে। এতে কোনো সমস্যা হবে না। তবে ব্যক্তিপর্যায়ে ৫০০ ও ১০০০ রুপির যেসব নোট আছে, তাঁরা সমস্যায় পড়েছেন। এখন পর্যন্ত ভারতে গিয়ে শুধু বাতিল নোট পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। তাই দেশে ব্যক্তিপর্যায়ে থাকা বাতিল হওয়া ৫০০ ও ১০০০ রুপির নোটের মালিকেরা ক্ষতিতে পড়েছেন।
প্রথম আলো: বাংলাদেশের টাকা দিয়েই তো এসব রুপি কেনা হয়েছে। তাই এসব রুপি বাতিল মানে সমপরিমাণ বাংলাদেশি টাকাও অচল হয়ে গেল। কী ধরনের উদ্যোগ নিলে এ ক্ষতি পোষানো সম্ভব?
নূরুল আমিন: আমার ব্যক্তিগত মত হলো, বাংলাদেশে বর্তমানে ভারতীয় ব্যাংকের যেসব শাখা রয়েছে, সেখানে এসব নোট গ্রহণের ব্যবস্থা করা যেতে পারে। তারা যেহেতু নিজের দেশে এসব নোট নিয়মের মধ্যে গ্রহণ করছে, বাংলাদেশেও তা করতে পারে। এ জন্য বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনা করে এ ব্যবস্থা করতে পারে। ভারত আমাদের প্রতিবেশী বন্ধু দেশ। প্রতিদিন প্রচুর বাংলাদেশি ভারতে শিক্ষা, চিকিৎসা ও বেড়ানোর উদ্দেশে দেশটিতে যাচ্ছেন ও ফিরে আসছেন। তাই এ দেশে অনেক পরিবারে প্রচুর ৫০০ ও ১০০০ রুপির নোট রয়ে গেছে। তাই বাংলাদেশিরা যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন সে জন্য এসব রুপি পরিবর্তনের সুযোগ তৈরি করা দরকার। এ জন্য সরকারি পর্যায়ে হলেও উদ্যোগ নেওয়া প্রয়োজন।

প্রথম আলো: ভারতে হঠাৎ দুটি ভিন্ন মূল্যমানের নোট বাতিল হওয়ায় অনেকে বিপাকে পড়ছেন। এ অবস্থায় এখন থেকে বৈদেশিক মুদ্রা ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকের কী ধরনের সতর্কতা দরকার বলে মনে করছেন?
নূরুল আমিন: বিদেশ ভ্রমণের সময় সাধারণত আমরা যে দেশে যাই সেই দেশের মুদ্রা ব্যবহার করি। কিন্তু দেশে ফেরার সময় ওই সব মুদ্রা পরিবর্তন করে ডলার ও পাউন্ড করে নিই। কারণ সহজেই দেশে এসব মুদ্রা পরিবর্তন করা যায়। সবারই এটা করা উচিত। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, ভারত থেকে ফেরার সময় বাংলাদেশিরা তা করেন না, ওই দেশের মুদ্রা থাকলে তা সঙ্গে করে নিয়ে আসেন। আমার পরামর্শ হলো, বিদেশ থেকে ফেরার সময় বিমানবন্দরেই যেন গ্রাহকেরা ব্যবহৃত নোট ডলার, ইউরো বা পাউন্ডে রূপান্তর করে ফেলেন। তাহলে সমস্যা হওয়ার কথা না। এ ছাড়া দেশে ফিরে আসার পরপরই বিদেশি মুদ্রা দেশীয় মুদ্রায় পরিবর্তন করে নিলে তাতে ক্ষতির সম্ভাবনা কমে যায়।
প্রথম আলো: বাংলাদেশের ব্যাংকগুলো কি সব দেশের নোট গ্রহণ করে?
নূরুল আমিন: বাংলাদেশে বৈদেশিক মুদ্রার অনুমোদিত ডিলার ব্যাংকগুলো যেকোনো দেশের প্রচলিত নোট গ্রহণ করতে বাধ্য। পাসপোর্টে ঘোষণা থাকলে যে কেউ গিয়ে যেকোনো দেশের মুদ্রা পরিবর্তন করতে পারবেন। এ ছাড়া পাঁচ হাজার ডলারের বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা থাকলে তা ৩০ দিনের বেশি রাখার আইনত সুযোগ নেই। তাই ৩০ দিন পার হওয়ার আগেই উল্লিখিত পরিমাণের বাড়তি বৈদেশিক মুদ্রা ব্যাংকে জমা দেওয়ার বিধান রয়েছে। তবে ভারতীয় ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল হয়ে যাওয়ায় ব্যাংকগুলো আর এসব নোট গ্রহণ করছে না।
প্রথম আলো: বাংলাদেশে ব্যাংকিং খাতে বৈদেশিক লেনদেন সাধারণত কোন মুদ্রায় হয়ে থাকে?
নূরুল আমিন: বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থায় বৈদেশিক লেনদেন মূলত ডলারের মাধ্যমেই হয়ে থাকে। রুপিতে কোনো ধরনের লেনদেন হয় না। ফলে ব্যাংকগুলো তেমনভাবে আক্রান্ত হয়নি। তবে সীমান্ত হাটসংলগ্ন সরকারি ব্যাংকের শাখাগুলোতে বেশ কিছু রুপি রয়ে গেছে বলে আমরা জেনেছি। সব ধরনের ব্যাংকিং লেনদেন এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মাধ্যমে পরিশোধ হয়। যা ডলারের মাধ্যমে সম্পন্ন হয়। ভারতের সঙ্গেও তা-ই।