ভারতীয় মূল্যস্ফীতির প্রধান ভিত্তি হবে ভোক্তা মূল্যসূচক
এখন থেকে ভারতের মূল্যস্ফীতি নির্ণয়ের প্রধান ভিত্তি হবে ভোক্তা মূল্যসূচক (সিপিআই)। প্রতি মাসে সিপিআইয়ের ভিত্তিতে নির্ণীত বার্ষিক ও মাসওয়ারি মূল্যস্ফীতির উপাত্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।আজ মঙ্গলবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সিপিআইয়ের ভিত্তিতে মূল্যস্ফীতির বার্ষিক পরিসংখ্যান প্রকাশ করা হবে। আর অল্প সময়ের মধ্যেই দীর্ঘদিন ধরে ব্যবহূত পাইকারি মূল্যসূচকের (ডব্লিউপিআই) ভিত্তিতে মূল্যস্ফীতি নির্ণয় ও প্রকাশ বন্ধ করে দেওয়া হবে। এরই মধ্যে প্রতি সপ্তাহে মূল্যস্ফীতির উপাত্ত প্রকাশ বন্ধ করে দেওয়া হয়েছে।বিশ্বের বেশির ভাগ কেন্দ্রীয় ব্যাংক যেখানে সিপিআইয়ের ভিত্তিতে নির্ণীত মূল্যস্ফীতির আলোকে মুদ্রানীতি পরিচালনা করে থাকে, সেখানে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এত দিন নির্ভর করত ডব্লিউপিআইয়ের ওপর।তবে ভারতের অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বেশ কিছু দিন ধরেই বলে আসছেন, ডব্লিউপিআইয়ে মূলত উৎপাদন পর্যায়ের দামের চাপটি প্রতিফলিত হয়। তাই এর ভিত্তিতে নির্ণীত মূল্যস্ফীতির ওপর নির্ভর করে পরিচালিত মুদ্রানীতি খুচরা পর্যায়ে মূল্যজনিত চাপ প্রশমনে খুব অর্থবহ হয় না। তাঁরা আরও বলেছেন, মুদ্রানীতিকে আসলে চাহিদাজনিত চাপ প্রশমনের দিকে নজর দিতে হয়। সে ক্ষেত্রে একটি ব্যাপক ভোক্তা মূল্যসূচক ও এর ভিত্তিতে নির্ণীত মূল্যস্ফীতি অনেক বেশি অর্থবহ হবে।নতুন সিপিআইয়ে পণ্যমূল্যের পাশাপাশি সেবা খাতের মূল্যস্তরের ওঠা-নামাও প্রতিফলিত হবে। ভারতের অর্থনীতিতে যেখানে সেবা খাতের অবদান ৫৫ শতাংশ, সেখানে ডব্লিউপিআইয়ে সেবা খাতের কোনো প্রতিফলন ছিল না।নতুন সিপিআই ২০১০ সালকে ভিত্তি বছর ধরে নির্ণীত হচ্ছে। এতে ভারতের শহর ও গ্রামাঞ্চলের প্রধান পাঁচ ধরনের খাদ্যের খুচরা মূল্য, জ্বালানি, পোশাক, গৃহায়ণ ও শিক্ষাব্যয়ের পরিসংখ্যান বিবেচনায় নেওয়া হবে।দেশটির পরিসংখ্যান মন্ত্রণালয় এ বছরের জানুয়ারি মাস থেকে সিপিআই গণনার কাজ শুরু করেছে। এরই মধ্যে আরবিআই নতুন সিপিআইয়ের প্রতি সমর্থন জানিয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সুব্বারাও গত বছরই বলেছিলেন, একক ও উন্নত সিপিআইয়ের অভাবে তাঁদের ডব্লিউপিআইয়ের ওপর নির্ভর করতে হচ্ছে।