ভারতীয় মোবাইল ফোন কোম্পানিগুলোকে প্রিপেইড মাশুল কমাতে হবে
ভারতের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (টিআরএআই) সে দেশের মোবাইল ফোন কোম্পানিগুলোকে ৩০ রুপির কম প্রিপেইড বিলের মাশুল কমানোর নির্দেশ দিয়েছে। নতুন নির্দেশনায় মোবাইল কোম্পানিগুলো ৩০ রুপি পর্যন্ত বিলের জন্য সর্বোচ্চ ১০ শতাংশ মাশুল কাটতে পারবে। তার মানে কোনো গ্রাহক যদি ১০ রুপির ভাউচার ক্রয় করে, তাহলে সেই নয় রুপি পর্যন্ত ব্যবহার করতে পারবে। বাকি এক রুপি যাবে মাশুলে। বর্তমানে মোবাইল কোম্পানিগুলো ২০ রুপি পর্যন্ত প্রিপেইড কার্ডে দুই রুপি হারে মাশুল আদায় করে থাকে। আর ২০ রুপির ওপরে হলে তিন রুপি হারে মাশুল প্রযোজ্য। টিআরএআই বলছে, এ ধরনের মাশুল আরোপ গ্রহণযোগ্য নয়। ব্যয় বেড়ে যাওয়ার অজুহাতে টপআপ ভাউচারের প্রক্রিয়াকরণ ব্যয় বাড়ানোর কোনো ভিত্তি নেই।এ ছাড়া মোবাইল ফোন কোম্পানিগুলো যেন নিম্ন পর্যায়ের রিচার্জসুবিধা প্রত্যাহার করে না নেয়, সে জন্য টিআরআই সর্বনিম্ন ১০ রুপি পর্যন্ত রিচার্জ সুবিধাও বাধ্যতামূলক করেছে। সূত্র: বিজনেস লাইন।