ভারতীয় রপ্তানিকারকেরা খুশি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তামিলনাড়ু প্রদেশের তিরুপুরের বস্ত্র খাত আবার চাঙা হয়ে উঠেছে। তিরুপুর হলো ভারতের বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের অন্যতম প্রধান কেন্দ্র। সেখানকার বস্ত্র ও পোশাকই আন্তর্জাতিক বাজারে রপ্তানি হয়।
মাঝখানে মন্দাবস্থার মধ্য দিয়েই গিয়েছে ভারতের এই বস্ত্র ও পোশাকশিল্পের কেন্দ্রটি। তবে গত বছরের এপ্রিল মাসে বাংলাদেশের সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক পোশাকশ্রমিক নিহত হওয়ার ট্র্যাজেডি যেন তিরুপুরের জন্য সুবাতাস বয়ে আনে।

রানা প্লাজা ট্র্যাজেডিতে আন্তর্জাতিকভাবে প্রবল সমালোচনা ও চাপের মুখে পড়ে যায় বাংলাদেশের তৈরি পোশাক খাত। বৈশ্বিক ক্রেতারা বাংলাদেশি উৎপাদকদের কারখানার পরিবেশ উন্নত করা ও শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য চাপ তৈরি করেন। সাময়িকভাবে কার্যাদেশও কমে যায়। কিছু কার্যাদেশ স্থানান্তরিত হয় ভিয়েতনাম ও কম্বোডিয়ায়। আর কিছুটা যায় ভারতের তিরুপুরে।
বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি এভাবে শ্লথ হয়ে পড়া আর বাজার থেকে চীনের অংশ কমতে থাকার সুযোগ কাজে লাগানোর জন্য এখন মরিয়া হয়ে উঠেছে তিরুপুরের উৎপাদক ও রপ্তানিকারকেরা। এ ক্ষেত্রে তাঁদের প্রধান লক্ষ্য হলো ইউরোপের বাজার। ভারতীয় দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড-এর এক প্রতিবেদনে এ বিষয়টি তুলে ধরা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ভারত যে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) চেষ্টা করছে, তা দ্রুত বাস্তবায়নের জন্য তিরুপুরের ব্যবসায়ীরা ইতিমধ্যেই যথেষ্ট চাপ তৈরি করেছেন। বিজনেস স্ট্যান্ডার্ড-এ বলা হয়েছে, ২০১৩-১৪ অর্থবছরে তিরুপুর থেকে নিট পোশাক রপ্তানি ৪০ শতাংশ বেড়েছে। আয় হয়েছে ১৮ হাজার কোটি রুপি বা প্রায় ৩০০ কোটি ডলার।
তিরুপুরভিত্তিক বেস্ট করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আর রাজকুমার বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, ‘বাংলাদেশের তুলনায় আমাদের ব্যয় ১০ শতাংশ বেশি। তাই ক্রেতারা কিছুটা দূরে থাকছেন। এফটিএ করা হলে আমরা বাংলাদেশের সঙ্গে পাল্লা দিতে পারব।’ বেস্ট হলো ৭০০ কোটি রুপির প্রতিষ্ঠান, যারা মাদার কেয়ার ও হ্যান্সের মতো ইউরোপের খ্যাতনামা ব্র্যান্ডগুলোর জন্য পোশাক সরবরাহ করে।

তিরুপুর রপ্তানিকারক সমিতির সভাপতি এ সাকথিভেল জানিয়েছেন, তিরুপুরের মোট তৈরি পোশাক রপ্তানির ৪৫ শতাংশ ইইউতে যায়। ২০১২-১৩ অর্থবছরে এই রপ্তানি বেড়েছিল সামান্য।
বর্তমানে ভারতের পোশাক উৎপাদনের ব্যয় বাংলাদেশের তুলনায় ৮ থেকে ১০ শতাংশ বেশি। তবে চীনের উৎপাদন ব্যয় এখন ভারতের তুলনায় ৫ থেকে ১০ শতাংশ বেশি। সাকথিভেল বলেন, ‘প্রতিযোগিতায় টিকে থাকতে গত পাঁচ বছরে আমরা দাম বাড়াইনি।’

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রতিযোগিতার মূল জায়গাটি হলো শ্রমিকের নিম্ন মজুরি। তবে গত বছর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর ফলে উৎপাদন ব্যয় বেড়েছে। এতে আরও দেখানো হয়েছে যে বিভিন্ন ধরনের পোশাকে (যেমন—কটন নিট শার্টস, নিট শার্টস) তিরুপুরের সক্ষমতা বাড়ছে।
২০১২ সালের নভেম্বরে তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হওয়ার পরই বাংলাদেশের পোশাক খাত বৈশ্বিক চাপের মুখে পড়ে। এর জের না কাটতেই ২০১৩ সালের এপ্রিলে রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যু বাংলাদেশের ওপর বিরাট চাপ তৈরি করে। এ প্রসঙ্গ উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধির হার গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে। বৈশ্বিক ক্রেতারা ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ায় কার্যাদেশ বাড়িয়ে দিয়েছেন। বাংলাদেশে নিয়মিত কার্যাদেশ প্রদানকারী ডিজনি ও গ্যাপ তা কমিয়ে দিয়ে এখন ভারতে বাড়াচ্ছে বলেও এতে উল্লেখ করা হয়।

যোগাযোগ করা হলে বাংলাদেশ নিট পোশাকশিল্প মালিক সমিতির (বিকেএমইএ) সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, ‘তিরুপুর তথা ভারত তৈরি পোশাক খাতে দ্রুত অগ্রসর হচ্ছে। তবে বাংলাদেশ যে পর্যায়ে আছে, সেই পর্যায়ে যেতে সময় লাগবে। আর বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। তাই এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই।’
হাতেম ব্যাখ্যা করে বলেন, ভারতের নিজস্ব কাঁচামাল ও সুতার ভালো জোগান আছে, যা বাংলাদেশের নেই। কাজেই ভবিষ্যতে তৈরি পোশাকের বিশ্ববাজারে ভারত ভালো অবস্থান করে নেবে। আর এখন ভারতীয় মুদ্রা রুপির দরপতনের একটা সুবিধা নিচ্ছেন সেখানকার রপ্তানিকারকেরা। তবে ভারত যদি ইইউর সঙ্গে এফটিএ করে ফেলে, তাহলে বাংলাদেশ বাড়তি প্রতিযোগিতার মুখে পড়বে।