ভারতীয় শিল্পপতিদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সিআইআইর উদ্যোগে গতকাল রোববার দুপুরে কলকাতার বেঙ্গল ক্লাব মিলনায়তনে ভারত-বাংলাদেশ বিনিয়োগকারী সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিরা ভারতীয় শিল্পপতিদের বাংলাদেশের শিল্পে বিনিয়োগ এবং যৌথ উদ্যোগে শিল্প স্থাপনের ডাক দিয়েছেন। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের পণ্য ভারতে আরও বেশি করে আমদানির আহ্বান জানিয়েছেন। এই সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশের উচ্চক্ষমতাসম্পন্ন একটি বাণিজ্য প্রতিনিধিদল। ৩৮ সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান সৈয়দ আবদুস সামাদ। প্রতিনিধিদলে রয়েছেন ইন্দো-বাংলা চেম্বারের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ। সম্মেলনে আরও যোগ দেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত মিনিস্টার (কমার্শিয়াল) মো. হাবিবুর রহমান, কলকাতায় নিযুক্ত উপ-হাইকমিশনার আবিদা ইসলাম। অন্যদিকে সিআইআইর পক্ষে যোগ দেন সিআইআইর ভাইস প্রেসিডেন্ট সুমিত মজুমদার, পশ্চিমবঙ্গের ভাইস চেয়ারম্যান উমেশ চৌধুরীসহ বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ীরা। কলকাতায় এই সম্মেলনের আগে গত ২৭ জুন মুম্বাই এবং ২৯ জুন চেন্নাইতে একই সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই দুটি সম্মেলনে ভারত ও বাংলাদেশের মধ্যে ৯০ মিলিয়ন ডলারের ১২টি সমাঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। গতকাল কলকাতায় স্বাক্ষরিত হয়েছে আরও দুটি সমঝোতা স্মারক।এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিরা বাংলাদেশে বিশেষ করে চিকিৎসা, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, ওষুধ, প্লাস্টিক, বস্ত্র, পর্যটন ইত্যাদি শিল্পক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানান।